সাংবাদিকদের দ্রুত অষ্টম ওয়েজবোর্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সরকার দ্রুত সাংবাদিকদের অষ্টম ওয়েজবোর্ড দেবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আলাপ-আলোচনার জন্য নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার সকালে মাগুরার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কৃতীদের সম্মানিত করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল। ছাত্রলীগের কর্মকাণ্ড কিছু কিছু জায়গায় সমালোচিত হচ্ছে, এ জন্য আওয়ামী লীগ দুঃখিত। ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে ছাত্রলীগকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাগুরার নোমানী ময়দান-সংলগ্ন ওয়াপদা মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন, সাংসদ চিকিত্সক সিরাজুল আকবর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান। আলোচনা শেষে তথ্যমন্ত্রী মেধাবীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।তথ্যমন্ত্রী বিকেলে স্থানীয় সার্কিট হাউসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।