সাংবাদিকদের নিয়ে মন্ত্রীর সড়ক মেরামত পরিদর্শন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আজ শনিবার সকালে সাংবাদিকদের নিয়ে গাজীপুর যান। উদ্দেশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামত কাজ পরিদর্শন। গাজীপুরের ভোগরা বাইপাসে সাংবাদিকেরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করলেও মন্ত্রী তাঁদের বেশির ভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যান।মন্ত্রী বলেন, মেরামত কাজের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। এখন যেভাবে মেরামত কাজ চলছে তাতে ঈদের আগে বৃষ্টি না হলে আপাতত সমস্যার সমাধান হবে। তবে বৃষ্টি হলে সড়কের সেই বেহাল দশা আবারও দেখা দিতে পারে বলে মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন। বৃষ্টির মৌসুমে মেরামত কাজ কেন শুরু করা হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, অর্থ সংকট ছিল। মন্ত্রীর এমন উত্তরের পর সাংবাদিকেরা বলেন, অর্থমন্ত্রী তাঁর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আপনারা দুই মন্ত্রী কার কাছে জিম্মি—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘আমরা কেউ কারও কাছে জিম্মি বা অসহায় না।’ এরপর মন্ত্রী মহাসড়কের বর্তমান বেহাল দশার জন্য রাস্তার পাশের ভবন মালিকদের দোষারোপ করেন। মন্ত্রী মহাসড়কে দাঁড়িয়ে মেরামত কাজ দেখেন। তবে রাস্তায় মেরামত কাজের কারণে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।দেশের বিভিন্ন সড়ক, মহাসড়কের বেহাল দশা নিয়ে কয়েক দিন ধরেই উত্তপ্ত সংসদ ও রাজনীতির ময়দান। খোদ সরকারি দল আওয়ামী লীগ থেকেই যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে।