সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার দুপুরে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ফটোসাংবাদিক ও ভিডিও-গ্রাহকেরা রাস্তার ওপর ক্যামেরা রেখে এই কর্মসূচিতে অংশ নেন।জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক ও কর্মীরা কালো ব্যাজ পরে কর্মসূচিতে অংশ নেন। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের কার্যালয়গুলোতেও এই কর্মসূচি পালন করা হয়। ঢাকার বাইরে সারা দেশেও সাংবাদিকেরা এই কর্মসূচি পালন করেন।জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, বিভিন্ন দাবিতে রাজপথে অংশ নেওয়া অধিকারবঞ্চিত ও ক্ষুব্ধ মানুষের খবর সংগ্রহ করা সাংবাদিকদের কাজ। এখন সাংবাদিকেরাই তাঁদের দুই সহকর্মীর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন। তাঁরা আরও বলেন, সাংবাদিকেরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন, এই ঐক্য অটুট থাকবে। সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান প্রমুখ।ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে কর্মবিরতি পালন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও ভিডিওগ্রাহকেরা কালো কাপড়ে মুখ ঢেকে এবং কালো ব্যাজ পরে ডিএসইর সামনের সড়কে বসে কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সাংবাদিকদের এই কর্মবিরতি পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।১১ ফেব্রুয়ারি সকালে পশ্চিম রাজাবাজারে ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ২২ ফেব্রুয়ারি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। কর্মসূচি অনুযায়ী গতকাল সব সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ করা হয়। এ ছাড়া ১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে এবং একই সঙ্গে সারা দেশে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।