সাংবাদিকদের মিলনমেলাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কথাটা অলিম্পিকের সমার্থক হয়ে গেছে অনেক আগেই। কিন্তু চাইলে আরও কত নামেই তো ডাকা যায়। উদ্বোধনী অনুষ্ঠানটা যদি দেখে থাকেন, মার্চপাস্টের সময় আপনারও হয়তো মনে হয়েছে, এ তো বিশ্বমানবের মিলনমেলা! কত বিচিত্র দেশ, কত বিচিত্র মানুষ, কত বিচিত্র পোশাক-আশাক! কিছু দেশের নামও তো বলতে গেলে অপরিচিতই—স্টেট অব মাইক্রোনেশিয়া, কেপ ভার্ডে, মার্শাল আইল্যান্ডস, গিনি বিসাও...!অ্যাথলেটরাই যেহেতু অলিম্পিকের প্রাণ, শেষ পর্যন্ত অলিম্পিকের নাম হওয়া উচিত ‘অ্যাথলেটদের মিলনমেলা’। কিন্তু সাংবাদিকদের মিলনমেলাও কি নয়! অ্যাথলেটের সংখ্যা সাড়ে ১০ হাজারের মতো। সাংবাদিক, ফটোসাংবাদিক ও ধারাভাষ্যকার মিলিয়ে সংখ্যাটা ২০ হাজার ছাড়িয়ে। টেলিভিশন কলাকুশলী ধরলে এই অলিম্পিকে এমপিসি ও আইবিসি প্রায় ৪০ হাজার লোকের ঠিকানা। বাংলাদেশের কথাই ধরুন না। অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটের সংখ্যা পাঁচ, সাংবাদিক এসেছেন ১৬ জন! এই অলিম্পিকে অ্যাথলেট ও সাংবাদিকের ১: ২ অনুপাতটা বাংলাদেশের ক্ষেত্রে তাই ১: ৩ হয়ে যাচ্ছে! এমপিসি মানে সাংবাদিক ও ফটোসাংবাদিকদের জন্য মেইন প্রেস সেন্টার। আইবিসি মানে ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার অলিম্পিকের মূল সম্প্রচারকেন্দ্র। অলিম্পিক মানেই বিশালত্ব। এমপিসি ও আইবিসিও ব্যতিক্রম নয়। দুটি মিলিয়ে আয়তন প্রায় নয় লাখ বর্গফুট। পাঁচতলা এমপিসির নিচতলা ও দোতলায় সাংবাদিকদের বসে কাজ করার ব্যবস্থা। সারি সারি ডেস্ক, উঠে দাঁড়ালে মোটামুটি বিশ্ব মানবের একটা ডকুমেন্টারি দেখা হয়ে যায়! এমপিসির চার-পাঁচটি সংবাদ সম্মেলন কক্ষে সকাল থেকে একটার পর একটা সংবাদ সম্মেলন হয়েই চলেছে। তবে সাংবাদিকদের তো আর শুধু এখানে বসে থাকলে চলে না। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটতে হয়। সেসব ভেন্যুতেই আলাদা মিডিয়া সেন্টার আছে। কেউ যদি ব্যাগ-ট্যাগ না টানতে চান, এমপিসির ডেস্কে ল্যাপটপে তালা মেরে যাওয়ার ব্যবস্থাও আছে। পাশাপাশি এমপিসি-আইবিসি ভবনের পাশেই ক্যাটারিং ভিলেজ। দুই তলাজুড়ে নানা পদের খাওয়ার দোকান। ছোট-বড় বার-কফি শপ তো বেশ কটিই আছে। নানা ধরনের দোকানপাটও। ব্যাংক থাকারই কথা, মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার আছেন, সেলুন আছে, একটা ম্যাসাজ পার্লারও। ম্যাসাজটা শুরুতে ফ্রি-ই ছিল, ইচ্ছা হলে কেউ কিছু দিতে পারেন বন্দোবস্ত। লাইন লেগে থাকত তখন। যেদিন থেকে টেবিলে ‘কমপ্লিমেন্টারি সার্ভিস চার্জ টেন পাউন্ড’ লেখা একটা কাগজের বোর্ড বসানো হয়েছে, ভিড়টা একটু কম দেখছি।২৪ ঘণ্টা খোলা এমপিসি-আইবিসি সব সময়ই সরগরম। সময়পার্থক্যের কারণে সব সময়ই কেউ না কেউ ডেডলাইন মিস করে ফেলার দুশ্চিন্তায় আক্রান্ত। এমপিসিকে ঘিরে অলিম্পিক পার্কের ভেন্যুগুলো বাসে ১৫-২০ মিনিটের দূরত্বে। কিন্তু এর বাইরের কোনো কোনো ভেন্যু এক ঘণ্টা-দেড় ঘণ্টার ব্যাপার। অলিম্পিক তাই অ্যাথলেটদের চেয়ে সাংবাদিকদের স্ট্যামিনারও কম পরীক্ষা নেয় না। ক্লান্তিতে কেউ ভেঙে পড়লে সেই ক্লান্তিমোচনের ব্যবস্থাও আছে। বড় একটা রুমে সারি সারি ইজি চেয়ার। রুমের নাম ‘কোয়ায়েট রুম’। বাংলা কী হবে—নীরব ঘর? গত পরশু শরীরটা হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করায় কোয়ায়েট রুমে গিয়ে আশ্রয় নিতে হলো। ঘণ্টা খানেক চোখ বুজে পড়ে থাকার পর একটু ভালো লাগল। তবে আবিষ্কার করলাম, কোয়ায়েট রুম খুব কোয়ায়েট নয়! তা থাকতে দিচ্ছে না নাসিকা গর্জন!আমার পাশের ইজিচেয়ারে শুয়ে থাকা এক বুড়ো খুব জ্বালালেন। শুধু ওই রুম নয়, মনে হচ্ছিল পুরো লন্ডন শহরকেই শব্দদূষণে আক্রান্ত করার দায়ে অভিযুক্ত করা যায় তাঁকে! পরে আলাপ হলো। আমেরিকান ভদ্রলোক। এটা তাঁর নবম অলিম্পিক।নবম অলিম্পিক শুনে চমকে যাবেন না। অলিম্পিক অভিজ্ঞতায় আরও অনেক সাংবাদিকের পরে আসবে তাঁর নাম। নিউ এজ-এর সাংবাদিক আজাদ মজুমদার প্রায়ই আমার সঙ্গে রসিকতা করেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি অলিম্পিক অভিজ্ঞতা সাঁতারু ডলি আক্তার আর আপনার। দুজনেরই তিনটি করে অলিম্পিক।’ তিনটি অলিম্পিক কাভার করা নিয়ে গর্ব করলে অবশ্য এমপিসিতে অনেকে হাসতে হাসতে বিষম খাবেন।ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা এআইপিএস কমপক্ষে ১০টি অলিম্পিক কাভার করেছেন—এমন সাংবাদিকদের গতকাল সংবর্ধনা দিল। সংখ্যাটা ১১৪ জন। তবে সেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক মিলিয়ে। আমরা অলিম্পিক বলতে একটাই বুঝি, শীতকালীন অলিম্পিকটা নীরবে আসে, নীরবে চলে যায়। গুস্তাফ শোনেকও মনে হচ্ছে আমাদেরই দলে। ভদ্রলোক ১৫টি অলিম্পিক কাভার করেছেন। সব কটিই গ্রীষ্মকালীন। হিসাব করে দেখলাম, ৮৯ বছর বয়সী জার্মান ভদ্রলোকের অলিম্পিক অভিষেক হয়েছিল সেই ১৯৫৬ মেলবোর্নে! দুই অলিম্পিক মিলিয়ে তালিকার শীর্ষে সুইডেনের অ্যান্ডার্স অ্যান্ডারসন (২৪টি)। তবে তাঁর মতো আরও তিন সাংবাদিকেরও এটি ১৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক। এঁদের একজন, ডেভিড মিলারের সঙ্গে ২০০৬ জার্মানি বিশ্বকাপের সময় আলাপ হয়েছিল। ফুটবল বিশ্বকাপে আমি সেবারই প্রথম। সেটি জানার পর ডেভিড মিলার হাসতে হাসতে বললেন, ‘ইয়াং ম্যান, এটি আমার ১৩তম বিশ্বকাপ!’এই লোকগুলোর পাশে দাঁড়ালে নিজেকে যে কী ক্ষুদ্র লাগে!