সাংবাদিকদের সঙ্গে ঝামেলার পর আইন প্রতিমন্ত্রীর কাছে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয়েক দিন আগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে গিয়েছিলাম। সাংবাদিকদের সঙ্গে ঝামেলা হওয়ার পর পরামর্শের জন্য তাঁর কাছে যাই। তাঁর এলাকায় হলমার্ক গ্রুপের বেশির ভাগ কারখানা। এখানকার কর্মচারীরা তাঁর ভোটার। কারখানা বন্ধ হয়ে গেলে তাঁরা বিপদে পড়বেন। ঈদের আগে বেতন নিয়ে ঝামেলার সময় কামরুল ইসলাম নিজে আমার কারখানায় এসেছিলেন।’এ কথাগুলো বলেছেন সোনালী ব্যাংকের সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির নায়ক, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ। তানভীরের সঙ্গে কথা হয় সোমবার তাঁর কার্যালয়ে।শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ছাড়া আরও দুই উপদেষ্টা সোনালী ব্যাংক থেকে ঋণ পেতে আপনাকে সহায়তা করেছেন। দুই উপদেষ্টার সঙ্গে ছবি তুলে তা আপনার হেমায়েতপুরের কারখানায় টাঙিয়ে রেখেছেন। জবাবে তানভীর বলেন, ‘উপদেষ্টারা সম্মানিত ব্যক্তি। তাঁদের কাছে যে কেউ যেতে পারেন, আমিও গিয়েছি। তবে ব্যাংকঋণ নেওয়ার ব্যাপারে আমি তাঁদের কাছে সহায়তা চাইনি।’হলমার্কের এমডি বলেন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামই শুধু নন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করেছেন।হলমার্ক গ্রুপ ও তানভীর মাহমুদ সম্পর্কে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তানভীর সম্পর্কে আমি জেনেছি, তিন-চার মাস হলো। তার আগে তানভীর সম্পর্কে আমি কিছুই জানতাম না। তিনি যখন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আমার নির্বাচনী এলাকায় কারখানা করলেন, তারও অনেক পরে জনতা হাউজিংয়ের প্লটমালিকেরা আমার কাছে হলমার্ক গ্রুপ সম্পর্কে অভিযোগ নিয়ে আসেন। আমি তখন এই দ্বন্দ্ব মেটাতে তানভীরের সঙ্গে কথা বলি। এরপর তানভীর তাঁর কারখানায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন ও আমাকে অতিথি হিসেবে দাওয়াত দেন। কিন্তু স্থানীয় অনেকে হলমার্ক সম্পর্কে অভিযোগ করায় আমরা সেখানে যাইনি।’আইন প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে তিনি তাঁর নির্বাচনী এলাকায় গিয়ে জানতে পারেন, হলমার্ক গ্রুপের শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সমস্যা চলছে। এ জন্য তিনি কারখানায় একবার গিয়েছিলেন। তিনি কীভাবে সোনালী ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিলেন, স্বাস্থ্য উপদেষ্টাকে তিনি জিজ্ঞেস করেন বলে জানান।যত্ন নিলে গাছ দ্রুত বাড়ে: রাজধানীর পশ্চিম কাফরুলের তালতলায় অবস্থিত হলমার্ক গ্রুপের প্রধান কার্যালয়ে বসে কথা হয় তানভীর মাহমুদের সঙ্গে। বেলা একটায় সেখানে পৌঁছে প্রতিষ্ঠানটির প্রধান কর্তাব্যক্তিদের পাওয়া গেল না। লালগালিচা মোড়ানো ছোট্ট অপেক্ষমাণ কামরায় ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরা হাতে হলমার্ক গ্রুপের দুজনকে বসে থাকতে দেখা যায়। বেলা পৌনে দুইটায় গানম্যানসহ দলবল নিয়ে এলেন প্রতিষ্ঠানটির কর্ণধার তানভীর মাহমুদ। কথা শুরু হয় বেলা তিনটায়। আধা ঘণ্টার আলাপচারিতার পুরোটাই ভিডিও করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তানভীর তাঁর রাজনৈতিক অবস্থান, সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, তাঁর উত্থান আর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন।শুরুতেই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলে ওঠেন তানভীর মাহমুদ, ‘আমি পরিশ্রম করে এত দূর এসেছি। একটা ছোট গাছকে যদি আপনি বেশি করে যত্ন নেন, তাহলে তা দ্রুত বড় হবে। আমি ভোরে নামাজ পড়ে কাজ শুরু করি। সারা দিন শ্রমিকদের সঙ্গে থাকি। মদ খাই না, হোটেলে যাই না, কোনো বড় ক্লাবের সদস্য না। আমি শুধুই কাজ করি।’সোনালী ব্যাংকের দুই হাজার ৬০০ কোটি টাকা কারসাজির মাধ্যমে তুলে নেওয়ার ঘটনায় বিতর্কিত এই ব্যবসায়ী নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন। তবে তাঁর ভাই এ কে মাহবুব আলম ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং বাবা আওয়ামী লীগের সমর্থক বলে জানান তিনি। কথা বলার সময় মাহবুব আলমসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তানভীর। তাঁর ভাই মাহবুব আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোট প্রার্থী জিয়াউল হকের নির্বাচনে তারোয়া ইউনিয়নের সব খরচ আমি দিয়েছি।’ আশুগঞ্জ উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চোদ্দগুষ্টি আওয়ামী লীগ করে।’মাহবুব আলম দাবি করেন, তাঁর ভাই তানভীর ডিগ্রি পাস। কোন কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ও তো কোথাও চাকরি নিতে যাচ্ছে না। এসব জেনে কী হবে।’ছবি ও গাড়ি কাহিনি: উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি টাঙিয়ে রাখা সম্পর্কে কাগজে-কলমে ৭০টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক তানভীর বলেন, ‘আমি যাঁদের ভালোবাসি, তাঁদের সঙ্গে ছবি তুলে টাঙিয়ে রাখি। আমি প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তাঁর সঙ্গে আমার ছবি তোলা আছে।’ এ কথা বলে ২০১১ সালের বাটেক্সপোতে প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার নেওয়ার ছবি দেখিয়ে তানভীর বলেন, ‘আমি এখন বিপদে পড়েছি। তাই উদ্ধার পেতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি।’আপনার বাসায় নাকি ২৭টি দামি গাড়ি আছে। শোনা যায়, আপনি গত মে মাসে গুলশানের একটি শোরুম থেকে ১৮টি দামি গাড়ি কিনে প্রভাবশালী ব্যক্তিদের দিয়েছেন। জবাবে তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ৫০ জন জিএম আছেন। তাঁদের জন্য আমি এত গাড়ি কিনতেই পারি। তবে আমি, আমার স্ত্রী ও আমার ছেলে মিলে মোট তিনটি প্রাডো গাড়ি ব্যবহার করি।’প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়দের চাকরি ও বাংলাদেশ ব্যাংক: জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, আমলা ও পুলিশ কর্মকর্তার নিকটাত্মীয়কে আপনি হলমার্কে চাকরি দিয়েছেন। তাঁরা আপনার হয়ে প্রশাসনে প্রভাব সৃষ্টি করে বলে অভিযোগ আছে। জবাবে তানভীর বলেন, ‘আমি কারও রাজনৈতিক বা অন্য পরিচয় দেখে চাকরি দিই না, যোগ্যতা দেখে দিই। আপনি যদি কাউকে চাকরি দেওয়ার জন্য অনুরোধ করেন, তাঁকেও চাকরি দেব। আমার এখানে জায়গা ফাঁকা আছে। লোক পাঠাইয়া দেখতে পারেন চাকরি দিই কি না।’ নিজের উত্থান সম্পর্কে বলতে গিয়ে তানভীর মাহমুদ বলেন, তাঁর বাবা নূরুল ইসলাম সিলভারের তৈরি তৈজসপত্রের ব্যবসা করতেন। ব্যবসার টাকা দিয়ে তাঁর বাবা ৯৩/এ তালতলায় একটি জমি কিনে বাড়ি করেন। বাড়ির নিচে বি.বাড়িয়া জেনারেল স্টোর নামে একটি মুদি দোকান ভাড়া দেওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ওই দোকানে আমি মাঝেমধ্যে বসতাম, আড্ডা দিতাম। আমি কোনো দিন গার্মেন্টসে চাকরি করি নাই।’বাবার কাছ থেকে পুঁজি নিয়ে ও সোনালী ব্যাংক আগারগাঁও শাখা থেকে ঋণ নিয়ে প্যাকেজিং কারখানা শুরু করেন জানিয়ে তানভীর মাহমুদ বলেন, আগারগাঁও এডি (বৈদেশিক লেনদেন) শাখা না থাকায় শেরাটন হোটেল শাখায় ঋণের জন্য যান। ওই শাখার লোকেরা তাঁর কারখানা ও পরিশ্রম দেখে ঋণ দিয়েছেন বলে মনে করেন তিনি।বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তানভীর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এখন আমাদের অর্থ আত্মসাৎকারী ও ভুয়া প্রতিষ্ঠান বলছে। কিন্তু প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের লেনদেন অডিট করে। আমি সাত বছর ধরে ওই শাখায় লেনদেন করি। এত দিন তারা কোথায় ছিল। গভর্নর সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি যে গত বছর শেরাটন শাখাকে ১৮০ কোটি টাকা সুদ দিলাম, এ বছর যে ৩৫ কোটি টাকা দিলাম। উনি কি তা জানেন না? উনি নিজে আমার কারখানা পরিদর্শন করুন। আমার কারখানা ভুয়া না আসল, তা পরীক্ষা করুন।’ সোনালী ব্যাংকের ঋণ পরিশোধ প্রসঙ্গে তানভীর মাহমুদ বলেন, ‘সোনালী ব্যাংক আমাকে যে সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার জন্য বলেছে, সেই সময়ে আমি টাকা ফেরত দেব।’ ১০ আঙুলের আটটিতে মোটা সোনার আংটি ও দামি হাতঘড়ি পরে থাকা তানভীর নিজের বিলাসী জীবন সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন সম্পর্কে বলেন, ‘আমি সাংবাদিকদের ভালোবাসি, তাঁদের শ্রদ্ধা করি। এটাই কি আমার অপরাধ। আমি তাঁদের সঙ্গে দেখা করি না। এতেই এত কিছু হয়ে গেছে!’