সাংবাদিকদের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০১১ আজ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল করা হয়েছে। এ ধরনের পরোয়ানা জারির আগে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করতে হবে।আইনমন্ত্রী শফিক আহমেদ আজ সংসদে বিলটি উপস্থাপন করেন। বিলটির ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের একটি সংশোধনী সংসদে গৃহীত হয়। এর আগে বিলটি সম্পর্কে জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।ফৌজদারি কার্যবিধির বিদ্যমান আইন অনুযায়ী মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান ছিল। সংশোধিত আইনে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সমন জারির বিধান রাখা হয়েছে। বইয়ের লেখক বা প্রকাশকেরাও এ আইনের সুবিধা পাবেন।বিলটি উপস্থাপন করে আইনমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত সংশোধনী অনেক আগেই আনা প্রয়োজন ছিল। কারণ এটি অনেক পুরোনো আইন। এ জন্য সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে সমন জারির ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, এ আইন পাস হওয়ায় সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকের বিরুদ্ধে অহেতুক হয়রানি বন্ধ হবে।শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন আজ সংসদে উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রতিবেদনটি উপস্থাপন করেন।এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকারি দলের এনামুল হক এবং এ বি এম গোলাম মোস্তফা। এই আলোচনা শেষে সংসদের অধিবেশন কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।