সাংবাদিকদের সামনে কথা বলানো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়: মুজাহিদ
‘একজনকে ধরে এনে নির্যাতন করে তাঁকে দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়।...আপনারা ভেবেছেন নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, সাঈদীকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে দলের লোকেরা তাঁদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আলাদা দল করবে। এমনটা যদি ভাবেন, তাহলে বলব, ইসলামি দলকে ভালোভাবে জানুন।’আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত অভিযোগে র্যাবের হাতে আটক জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা ইকরাম হোসাইন গতকাল সোমবার সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতি ইঙ্গিত করে মুজাহিদ এ কথা বলেন।সোমবার ইকরামকে র্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামছুল আলম গোলাপ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকের সঙ্গে কথা বলেন। তাঁদের দিকনির্দেশনা অনুসারে ক্যাম্পাসে হামলা হয়।এ প্রসঙ্গে গতকাল মুজাহিদ বলেন, ‘ছলেবলে-কলাকৌশলে উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে জামায়াতে ইসলামীর আমির নিজামী ও শিবিরের প্রধানকে (রেজাউল করিম) গ্রেপ্তারের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সাংবিধানিক রাজনীতি করি, ভাঙচুর, জ্বালাওপোড়াওয়ের রাজনীতি করি না। কিন্তু যদি জামায়াত-শিবিরের প্রধানের ওপর হাত দেন, এর পরিণতি ভালো হবে না।...আমরা জানের পরোয়া করি না। মনে রাখবেন এ কথা।’মুজাহিদ বলেন, ‘সম্মানিত পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন, জনগণের জানমালের নিরাপত্তা আপনাদের ওপর নির্ভর করে। আপনাদের কোনো দল নাই। আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কিন্তু একজনকে ধরে এনে নির্যাতন করে তাঁকে দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলানো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এটা রাজনীতিবিদদের কাজ। আপনাদের ভূমিকা যদি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মতো হয়, এটা ভালো হবে না।’জামায়াতের সেক্রেটারি বলেন, সত্যিকারের তদন্ত ও বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের অধীনে নিয়ে আসুন আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক খেলা খেলবেন না। জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়, কিন্তু আসলে কোনো লাভ হয় না। তিনি আরও বলেন, জনগণ বুঝতে পারছে, এ সরকারকে মোকাবিলা করার জন্য বিএনপি-জামায়াতের দরকার নেই, শিবিরই যথেষ্ট। এ জন্য সরকার শিবিরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনার জন্যও সরকার শিবিরকে দায়ী করছে।সরকার যে নারীনীতি ঘোষণা করতে যাচ্ছে, তা নিয়েও কথা বলেন মুজাহিদ। তিনি বলেন, নারী অধিকার বলতে কোরআন-সুন্নাহবিরোধী নীতিমালা করাকে বুঝায় না।...নারী অধিকারের নামে বেলাল্লাপনা, কোরআন-সুন্নাহ, ইসলামি বিধান ও উত্তরাধিকার আইনের ওপর আঘাত হানলে গোটা বাংলাদেশ ফুঁসে উঠবে।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, সাংসদ হামিদুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম প্রমুখ বক্তব্য দেন। তাঁরা সবাই দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় আটক শিবিরের নেতা ইকরাম হোসাইন গত সোমবার সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন তা ভুয়া। তাঁকে নির্যাতন করে ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে।