সাংবাদিকসহ চার জেলায় সাতজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের কাজীপুর সীমান্তে গত শুক্রবার দুই সহোদরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরের শার্শায় শুক্রবার রাতে এক সাংবাদিক খুন হয়েছেন। একই দিন যশোর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ, রাজশাহীর পুঠিয়া, যশোরের অভয়নগরে একজন করে খুন হয়েছেন।সাংবাদিক খুন: শার্শা উপজেলার কাশিপুর গ্রামে শুক্রবার রাতে জামাল উদ্দীন (৪২) নামের এক সাংবাদিককে খুন করেছে দুর্বৃত্তরা। জামাল যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কাশিপুর প্রতিনিধি ছিলেন। জামাল উপজেলার কাশিপুর গ্রামের আবদুল আলিমের ছেলে। তিনি ডিহি ইউনিয়ন যুবলীগের সহসভাপতিও ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে কাশিপুর বাজারের একটি দোকানে জামাল উদ্দীনসহ কয়েকজন বসে ছিলেন। চা খাওয়ার পর জামালের সঙ্গে থাকা সবাই চলে যান। পরে দুর্বৃত্তরা জামালকে ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জামালের মৃত্যু হয়। পরে পুলিশ ওই গ্রামের তোতা মিয়ার বাড়ি থেকে রক্তমাখা ছুরি, একটি হাতুড়ি ও তোতার জুতা আলামত হিসেবে সংগ্রহ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তোতার স্ত্রীকে আটক করেছে পুলিশ। জামালের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সাংবাদিকেরা গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে নাভারন, কাশিপুর ও শার্শা বাজারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জামাল ও তোতা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই জামাল খুন হতে পারেন। দুই ভাইকে হত্যা: কাজীপুর সীমান্তে গত শুক্রবার রফিকুল ইসলাম (৪১) ও আবু জেল (৩৯) নামের আপন দুই ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সীমান্তের ১৪৫ মেইন পিলারের কাছ থেকে তাঁদের লাশ গতকাল সকালে উদ্ধার করে বিজিবি। নিহত ব্যক্তিদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের পোস্ট অফিস পাড়ায়। তাঁদের বাবার নাম কিয়ামুদ্দিন শেখ। তাঁরা দুজনই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোপন তথ্যদাতা (সোর্স) ছিলেন। কিয়ামুদ্দিন শেখ জানান, রফিকুল কৃষিকাজ ও আবু জেল সবজির ব্যবসা করতেন। শুক্রবার রাত নয়টার দিকে কয়েকজন লোক তাঁর দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁরা আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে তিনি দুই ছেলের মৃত্যুর খবর পান। দুই ভাইয়ের তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ২০ দিন আগে সীমান্তে ফেনসিডিলের বড় দুটি চালান আটক করে। এ কারণে গ্রামেরই একটি চোরাকারবারি চক্র তাঁর দুই ছেলেকে খুন করেছে। বিজিবির কাজীপুর ক্যাম্প কমান্ডার সাখাওয়াত হোসেন জানান, নিহত দুজন মাদক চোরাকারবারবিরোধী কার্যক্রমে তাঁদের তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এর জের ধরে চোরাকারবারি চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী জানান, তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। বিজিবির সোর্স খুন: যশোর সদর উপজেলায় বিজিবি কার্যালয়ের পাশে জিয়া উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে শুক্রবার রাতে দুর্বৃত্তরা দা ও চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে জিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জিয়া ২৬ বিজিবির সোর্স হিসেবে পরিচিত ছিলেন। জিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি সদর উপজেলার ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্প এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। কোতোয়ালি থানার ওসি আবদুল জলিল ভূঁইয়া বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে জিয়া বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপহরণের পর খুন: রায়গঞ্জ উপজেলায় অপহরণের পর খুন করা হয় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি শামীম হোসেনকে (২৮)। তাঁর বাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কেমিস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিক্রয় প্রতিনিধি শামীম সিরাজগঞ্জ রোড এলাকায় যান। সেখান থেকে অজ্ঞাতপরিচয় লোকজন তাঁকে তুলে নিয়ে যায়। রাতেই শামীমের স্ত্রীর মুঠোফোনে কল করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার দুপুরে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া সড়কের ৮ নম্বর সেতু এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, এ ব্যাপারে তাড়াশ থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যার পর অগ্নিসংযোগ!: পুঠিয়ায় গত শুক্রবার এক ব্যক্তিকে (৪৫) হত্যা করে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালিয়াঘাটি গ্রামের একটি পাটখেতের পাশে ধোঁয়া উড়তে দেখে গতকাল সকালে এলাকাবাসী সেখানে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ বস্তায় ভরে পুঁতে রাখার জন্য একটি গর্তে রাখা হয়। পরে ওই গর্তে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হওয়ার কারণে লাশটি শনাক্ত করা যায়নি।বোমার আঘাতে নিহত ১: অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামে গত শুক্রবার বোমার আঘাতে ফারাজী গোলাম কিবরিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গোলাম কিবরিয়া উপজেলার একতারপুর গ্রামের ফারাজী তবিবর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দিন রাতে দুর্বৃত্তরা সাভারপাড়া বিলের মধ্যে কিবরিয়াকে বোমা মেরে হত্যা করে। এরপর তাঁর লাশ সাভারপাড়া গ্রামের সড়কের ওপর ফেলে রেখে যায়। গতকাল সকালে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। থানার ওসি খবির আহমেদ বলেন, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র লুট, হত্যা, ডাকাতি, নির্যাতনসহ থানায় নয়টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, যশোর অফিস, মেহেরপুর, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ও অভয়নগর (যশোর) প্রতিনিধি ]