সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্রলীগের কর্মীরা। আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ওই সাংবাদিকের নাম অনুপ সরকার। তিনি সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরী পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজির দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। অনুপ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শিকড়-এর আলোকসজ্জা সম্পাদক।হাসপাতালের চিকিত্সকেরা জানান, অনুপ মাথা, বুক, হাত ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছেন। কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। অনুপ সরকার বলেন, ‘আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যাই। মূল ফটকে রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় হঠাত্ করে “তুই কোন বিভাগে পড়িস রে” বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুরের পক্ষের জিয়া ও হাসান অতর্কিতে আমার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আরও চার-পাঁচজন আমাকে ঘিরে রাখেন।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলো ডটকমকে বলেন, ‘হামলার খবর পেয়েছি। এখন চিকিত্সার ব্যাপারটি গুরুত্ব দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাফিজুর বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত ও সমবেদনা জানাচ্ছি।’ এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।