সাংবাদিকেরা কিছুকেই পরোয়া করবে না
‘যুদ্ধপরিস্থিতিতেও সাংবাদিকদের কাজ করার অভিজ্ঞতা আছে। সুতরাং পরিস্থিতি যত বৈরীই হোক না কেন, সাংবাদিকেরা কিছুকেই পরোয়া করবে না।’আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেঁজগাওয়ে দৈনিক সমকাল পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গোলাম সারওয়ার এ কথা বলেন।সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম সারওয়ার এই মন্তব্য করেন।অন্যদিকে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর পুলিশের আক্রমণের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সাংবাদিকদের ওপর কিছু আক্রমণের ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু এটাকে নিত্যনৈমিত্তিক মনে করা উচিত নয়। এটি ব্যতিক্রম।দুপুর ১২টায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ কেক কেটে সমকালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা ফুল দিয়ে সম্পাদককে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সমকালের সম্পাদক ছাড়াও পত্রিকাটির যুগ্ম সম্পাদক রাশেদ উন নবী, নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সহযোগী সম্পাদক সবুজ ইউনুছ, বার্তা সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।সমকালের আট বছর পূর্তি উপলক্ষে অনুভূতি ব্যক্ত করে গোলাম সারওয়ার বলেন, ‘সমকালের এই আট বছর আমার জন্য একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতা ও চ্যালেঞ্জিং। আমরা সত্যের সন্ধানী। সত্যটা বড় কঠিন। আর সমকাল সেই কঠিনেরে ভালোবেসেছে।’