সাংবাদিকেরা সরকারের গঠনমূলক সমালোচনা করুক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাস করে। গণমাধ্যমের ওপর সরকার কোনো নিয়ন্ত্রণ চায় না। আমরা চাই, সাংবাদিকেরা সরকারের গঠনমূলক সমালোচনা করুক। ভুল তথ্য দিয়ে কেউ জনগণকে বিভ্রান্ত করবেন না।’আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতান্ত্রিক অগ্রযাত্রায় রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।তথ্যমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কথা মাথায় রেখে সাংবাদিকেরা সংবাদ পরিবেশন করবে। কারণ দেশ ও জনগণের কথা মনে রাখলে ভুল বা অসত্য তথ্য প্রকাশিত হবে না। তিনি বলেন, এখনকার মানুষ অনেক সজাগ। তথ্য অধিকার আইন শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষেরও কাজে আসবে। একটি দেশে যত বেশি তথ্য চর্চা হবে, তত বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। এর ফলে দুর্নীতিও কমে আসবে।আবুল কালাম আজাদ বলেন, রিপোর্টারদের সব সময় ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁরা উজ্জ্বল ভূমিকা রেখেছেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বাংলাদেশের ব্যুরো প্রধান ফরিদ হোসেন। আলোচনা করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি হাসান শাহরিয়ার, কলাম লেখক জগলুল হায়দার চৌধুরী। এ ছাড়া ধন্যবাদ বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোস্তাক আহমেদ।