সাংবিধানিক অগ্রগতি বানরের অঙ্কের মতো: আমীর-উল ইসলাম
বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সাংবিধানিক অগ্রগতি ছোটবেলায় পড়া বানরের অঙ্কের মতো। কতটুকু উঠল আর কতটুকু নামল তার হিসাব ৩৮ বছর পর এসেও মেলানো যাচ্ছে না।’আইনজীবী আমীর-উল ইসলামের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুধীজনের শুভেচ্ছা’ শীর্ষক এক সংবর্ধনা সভায় আমীর-উল ইসলাম এ কথা বলেন। আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’ এ সংবর্ধনার আয়োজন করে। আমীর-উল ইসলাম আরও বলেন, ‘মাসদার হোসেন মামলায় বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। কিন্তু তার ফল বিচার বিভাগ কতটুকু ভোগ করতে পারছে, সেটাই দেখার বিষয়। আমরা যেমন সামনের দিকেও হাঁটছি, তেমনি পিছনেও যাচ্ছি।’ সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আইনগত প্রশিক্ষণ আরও ভালো হলে মামলা পরিচালনায় সুবিধা হতো। আমীর-উল ইসলাম আইনজীবীদের প্রশিক্ষণের বিষয়টি উপলব্ধি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সেটি বন্ধ হয়ে গেছে।’শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রমুখ।