সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগে স্বচ্ছতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনগুলোর প্রধান বা সদস্য নিয়োগের ক্ষেত্রে এ দেশে দলীয় বিবেচনাই প্রাধান্য পায়। তাই প্রতিষ্ঠানগুলো কখনোই কার্যকর হয় না। এ সমস্যা সমাধানে প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা দরকার। এজন্য সরকার, বিরোধী দল ও স্পিকারের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এ বৈঠকের আয়োজন করে। ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগ প্রক্রিয়া: প্রেক্ষাপট ও প্রস্তাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক এ বি এম মুসা বলেন, এ দেশে এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ বাছাই কমিটি, সরকার ও রাষ্ট্রপতি যা-ই বলা হোক না কেন এ দেশে সব হয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে। এ দেশে প্রধানমন্ত্রীই সব। তাঁর ইচ্ছার ওপরই সব নির্ভর করে। প্রবীণ এই সাংবাদিক সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নিয়োগের পরামর্শ দেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘কমিশনগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ তথা ক্ষমতাসীন সরকারের প্রভাব বিস্তারের কারণে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ও সহজাত কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু সরকার ও রাজনৈতিক নেতৃত্ব এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে যতখানি কার্যকর দেখতে চায়, এ প্রতিষ্ঠানগুলো ততক্ষণই কার্যকর হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ দেশের রাজনৈতিক দলের ভেতর গণতন্ত্রের চর্চা নেই। এ দেশের প্রতিটি দলে একজন করে রাজা আছেন। তারা সবসময় চায় তাদের অনুগত লোকদের কমিশনে নিয়োগ দিতে। আর কমিশনও কখনো কোনো দিন সরকারের কাজকে চ্যালেঞ্জ করে না। বরং তারা বিরোধী দলের লোকদের দোষ খুঁজে বেড়ায়। ফলে কমিশন গঠনের উদ্দেশ্যই ব্যাহত হয়। আসিফ নজরুল বলেন, সবকিছুতেই প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমানো উচিত এবং বিভিন্ন কমিশন প্রধানদের নিয়োগ প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী কী পরামর্শ দিলেন, তথ্য কমিশনের মাধ্যমে জনগণকে তা জানানো উচিত। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে কমিশনগুলোতে যাঁরা নিয়োগ পান, তাঁরা সবাই দলীয় লোক। সমস্যা সমাধানে কমিশনগুলোতে সদস্য নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি করা যেতে পারে। এই কমিটি প্রধানমন্ত্রীর কাছে কেবল একটি নাম সুপারিশ করবে এবং নিয়োগগুলো অবশ্যই নির্দলীয় হতে হবে।’ নির্বাচন কমিশনেও একইভাবে সদস্য নিয়োগ দেওয়া যায়। তবে সবচেয়ে বড় বিষয় হলো সদিচ্ছা। সদিচ্ছা থাকলে যে নিয়মই হোক না কেন ভালো লোক নিয়োগ দেওয়া যাবে। আর সদিচ্ছা না থাকলে যত নিয়মই করা হোক না কেন কাজে আসবে না। বৈঠকে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজুদ্দীন খান। মূল বিষয়ের ওপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির সহকারী ফেলো শাম্মী লায়লা ইসলাম।