সাংবিধানিক স্বীকৃতি আদায়ে আন্দোলনে প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে গতকাল শুক্রবার আয়োজিত পাহাড়ি ছাত্র পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ষোড়শ কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এই আহ্বান জানান। এদিকে, ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়।রাঙামাটির অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এলেও গত ২৯ মাসে চুক্তি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপই নেয়নি। সন্তু লারমা নিজেকে পার্বত্য জনগণের পক্ষে চুক্তি স্বাক্ষরকারী হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাই, আদৌ তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে আগ্রহী কি না।’ সন্তু লারমা আরও বলেন, আগের সরকারগুলোর মতো একই ধারাবাহিকতায় বর্তমান মহাজোট সরকারও পার্বত্য চট্টগ্রামে ইসলামীকরণের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পার্বত্য চট্টগ্রামে চলছে অগণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাম্প্রদায়িক, উগ্র জাতীয়তাবাদী, সন্ত্রাসী ও মৌলবাদী কর্মকাণ্ড। শাসকগোষ্ঠীর বিশেষ মহলের ছত্রছায়ায় জুম্ম জনগণের ওপর সাম্প্রদায়িক হাঙ্গামা চালানো হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের সব আদিবাসীর জীবনের সব ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়। এই পটভূমিতে সন্তু লারমা প্রয়াত এম এন লারমার স্বপ্ন ও লক্ষ্য-উদ্দেশ্যকে বুকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাবলু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি কে এস মং, উদয়ন ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুস্তম ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি গোপাল বর্মণ। স্বাগত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক বিনয় ত্রিপুরা।‘ছাত্র সমাজ জেগে ওঠো’: গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টর কমান্ডার সদ্য প্রয়াত কাজী নূরুজ্জমানের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সুলতানা সারওয়াতারা জামান। এরপর পাহাড়ি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে সুলতানা সারওয়াতারা বলেন, পাহাড়ি সাধারণ মানুষের দাবিকে দমিয়ে রাখা যাবে না। তাই তাদের ন্যায্য অধিকার ও দাবিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। হিল উইমেন ফেডারেশনের সহসভাপতি নিরুপা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণের ঘটনা অহরহ ঘটছে। কল্পনা চাকমা হত্যার ১৫ বছর পূর্ণ হতে চললেও সরকার এ ব্যাপারে কোনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। পুরুষের পাশাপাশি নারীদেরও অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে আসতে হবে, নয়তো নারী নির্যাতন বন্ধ হবে না।ছাত্র পরিষদের সভাপতি অংগ্য মার্মার সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ছাত্র সংঘের আহ্বায়ক আশীষ শর্মা, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সংস্কৃতির নয়া সেতুর তথ্য ও প্রচার সম্পাদক জাহিদ হাসান, পিসিপির সাংগঠনিক সম্পাদক থুইক্যসিং মারমা প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। শেষে অপরাজেয় বাংলা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে টিএসসি, দোয়েল চত্বর ও পুরানা পল্টন প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়।