সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজাতি না আদিবাসী, এ নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। আমরা ভুগছি পরিচয়ের সংকটে। যে পরিচয়ে আমরা পরিচিত হতে চাই, তাই হতে দেওয়া হোক।কথাগুলো বলছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। গতকাল সোমবার বাংলাদেশ শিশু একাডেমীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ বক্তব্য শুধু নিরুপা দেওয়ানের নয়, গতকাল বিশ্ব আদিবাসী দিবসে এ কথাটিই ধ্বনিত হয়েছে সব আদিবাসীর মুখে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের আলোচনায় আদিবাসী ও সমাজের বিশিষ্টজনেরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করার পাশাপাশি আদিবাসী না উপজাতি এ বিতর্কেরও অবসান চান।গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিচারপতি গোলাম রাব্বানী। বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আদিবাসীদের অধিকার আদায়ে একটি দিবসে আটকে থাকতে চাই না। আগামী এক বছর আমরা কী কী করব, তা আমাদের আজ ঠিক করতে হবে। লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, এই দিবস পালনের তাৎপর্য হচ্ছে সব জাতিকে স্মরণ করিয়ে দেওয়া যে আদিবাসীদের সংস্কৃতি ও আত্মপরিচয় হুমকির সম্মুখীন। নারীনেত্রী খুশী কবীর বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে আদিবাসী শব্দটি ব্যবহার করেছে। কিন্তু পরে তারা সেই শব্দটি ব্যবহার না করে ক্ষুদ্র জাতিসত্তা বলছে। আমরা রাষ্ট্রের এই দ্বৈত আচরণ চাই না। আলোচনা শেষে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা আদিবাসী শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্যনাট্য, ব্যাম্বো নৃত্য ও গান পরিবেশন করেন। সব শেষে শহীদ মিনার থেকে বিশিষ্টজনদের উপস্থিতিতে আদিবাসীদের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।বিকেলে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, শুধু পাহাড়ি নয় প্রয়োজনে সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করবে সরকার। আদিবাসীদের আত্মপরিচয়, আইনগত ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত, আদিবাসীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে কোনো বৈষম্যের শিকার হলে আইনগত ব্যবস্থা নেওয়াসহ সার্বিক উদ্যোগ নেবে সরকার। সন্তু লারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন চাকমা রাজা দেবাশীষ রায়, তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আইনজীবী সারা হোসেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রেস্টনার। মানুষের জন্য ফাউন্ডেশন ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা ও আদিবাসী মেলার আয়োজন করে শিশু একাডেমীর মতিউর মঞ্চে।প্রধান অতিথির বক্তৃতায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, এত মানুষের সমর্থন পাওয়া মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল আদিবাসীদের অধিকার রক্ষা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা। এ থেকে সরকার পিছু হটলে তা হবে সরকারের নৈতিক ভুল। দেশের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি না দেওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। শিশু একাডেমী প্রাঙ্গণে আদিবাসী মেলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কালো ও লাল বেনী চাল, কাপড় দকমান্দা, গয়না রেকমাচ্চু, মোনঘর, মোম্বাই ধান, বিনিহগা পিঠা আর মঞ্চে আদিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু আদিবাসী নয়, বাঙালিদেরও প্রাণের উৎসবে পরিণত হয়।