সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বাধ্যতামূলক করা হবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন ও জটিল কাজে হাত দিয়েছি। আইন মন্ত্রণালয় থেকে সংবিধানের খসড়া কপি বিশেষ কমিটির কাছে সরবরাহ করা হয়েছে। এটাকে ধরেই আমরা কাজ শুরু করেছি। আমাদের কাজের মূল ভিত্তি হচ্ছে জাতীয় মুক্তির সংগ্রাম, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের ইতিহাস। এই তিনটি বিষয়কে মাথায় রেখেই কমিটি আলোচনা শুরু করেছে এবং কিছু সিদ্ধান্তও নিয়েছে।’সুরঞ্জিত জানান, কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহর নামে)’ শব্দগুচ্ছ থাকবে। প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম হিসেবে ‘ইসলাম’ বহাল থাকবে। তবে এই অনুচ্ছেদ সংশোধন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য সব ধর্মের সমান অধিকার সমুন্নত রাখার বিধান করার ব্যাপারে কমিটি একমত হয়েছে।বর্তমানে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ৪ অনুচ্ছেদে সংশোধনী এনে ৫ ও ৬ নামের দুটি উপধারা যোগ করা হবে। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সব সরকারি ও আধা সরকারি এবং দূতাবাসগুলোতে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হবে।কমিটি ৪(ক) অনুচ্ছেদটি সম্পূর্ণ বাতিলের পক্ষে মত দিয়েছে বলে সুরঞ্জিত জানান। বিদ্যমান এই অনুচ্ছেদের ১ উপধারায় বলা আছে, রাষ্ট্রপতির প্রতিকৃতি রাষ্ট্রপতি; প্রধানমন্ত্রী; স্পিকারের কার্যালয় ও বিদেশে অবস্থিত দূতাবাসসমূহে প্রদর্শন করতে হবে। ২ উপধারায় বলা আছে, প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রাষ্ট্রপতি; প্রধানমন্ত্রী; স্পিকারের কার্যালয়, সব সরকারি ও আধা সরকারি অফিস; স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়; শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত দূতাবাসগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। ২০০৪ সালে চারদলীয় জোট সরকারের আমলে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৪(ক) অনুচ্ছেদটি অন্তর্ভুক্ত করা হয়।সুরঞ্জিত সেনগুপ্তের মতে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি প্রদর্শনের বিধানটি সংবিধানে থাকা অযৌক্তিক। এ ধরনের কিছু করতে হলে সে জন্য নির্বাহী আদেশই যথেষ্ট।অনুচ্ছেদ ৬-এর ব্যাপারে কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে সুরঞ্জিত জানান। সে ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশি বলে গণ্য হবেন। তবে জাতীয়তা হবে ‘বাঙালি’।বিরোধী দলের অনুপস্থিতিতে সংবিধানে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া হলে এ নিয়ে পরে কোনো বিতর্ক হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, পাকিস্তানেও জাতির পিতা আছেন। তাদের জাতির পিতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ। যাঁরা পাকিস্তান বিশ্বাস করেন তাঁদের জন্য তো জিন্নাহ সাহেব আছেন।বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, সৈয়দ আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, আনিসুল ইসলাম মাহমুদ ও শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বৈঠকে যোগ দেন।