সাংসদ আখতারুজ্জামান বাবু আর নেই
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। আজ রোববার ভোর চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী বোরহান উদ্দিন চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন। তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।বোরহান উদ্দিন চৌধুরী বলেন, ‘স্যারের লাশ কাল সোমবার বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মঙ্গলবার সকালে সংসদ ভবন প্লাজায় তাঁর প্রথম জানাজা হবে। বিকেলে আসরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারায়। আগামী বুধবার সকালে আনোয়ারা উপজেলা সদরে ও আসরের নামাজের পর হাইলধর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আখতারুজ্জামান বাবু জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-আদর্শ ধারণ করে গেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭৩, ১৯৯১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৮ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক, স্বাধীনতাপূর্ব চট্টগ্রাম দক্ষিণ মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হন। তাঁর মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলী নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আখতারুজ্জামান বাবু রাজনীতি ছাড়াও ব্যক্তিগত জীবনে দেশের প্রথম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রতিষ্ঠাতা। মৃত্যুর আগপর্যন্ত তিনি এ ব্যাংকের এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান ছিলেন। আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।