সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বগুড়া-১ আসনের সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রী শাহাদ আরা মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুজনের বিরুদ্ধে মোট ৭২ লাখ ৩৮ হাজার ৯৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।আজ সোমবার রাজধানীর রমনা থানায় এ-সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়। আবদুল মান্নানের বিরুদ্ধে ৫১ লাখ ৯৬ হাজার ৭৭৫ টাকা সম্পদের তথ্য গোপন এবং তাঁর স্ত্রী শাহাদ আরাকে আসামি করে ২০ লাখ ৪২ হাজার ২২০ টাকার সম্পদের তথ্য গোপনের মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে মামলা দুটি করেন।রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাংসদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর যথাক্রমে ৮ ও ৯।গত নির্বাচনে আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান সারিয়াকান্দি (বগুড়া-১) আসন থেকে নির্বাচিত হয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ প্রথম আলোকে বলেন, ‘দুদকের এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই। আমি আদালতে আইনগতভাবে এসব মামলার মোকাবিলা করব।’আবদুল মান্নান জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকের পক্ষ থেকে হিসাব চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে কোনো সময়সীমা উল্লেখ ছিল না। আর তাঁর সম্পত্তির কর পরিশোধ করা আছে বলে তিনি জানান।