সাংসদ আশিফাকে বিএনপির নিষেধাজ্ঞা
দলের নির্দেশ ছাড়া নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়াকে নিষেধ করেছে বিএনপি।বিএনপির দপ্তরে সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।আশিফা একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গত রোববার লেখা চিঠিতে আশিফার বিরুদ্ধে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইচ্ছেমতো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কথা উল্লেখ করে ভবিষ্যতে দলের শৃঙ্খলা ও ঐক্য মেনে না চললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, দলের নির্দেশনা উপেক্ষা করে গত ১৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় এক বিতর্কিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আশিফা। বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতা-কর্মী ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১ ডিসেম্বর তিনি নোটিশের জবাব দেন।জানতে চাইলে সৈয়দা আশিফা আশরাফি গত রাতে প্রথম আলো ডটকমকে বলেন, দলের নির্দেশ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার বিষয়ে তিনি কোনো চিঠি পাননি। তবে, কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।