সাংসদ ইলিয়াসের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়া থানায় মামলা করেছেন ট্রাফিক সার্জেন্ট মো. শরীফুল ইসলাম।এজাহারে বলা হয়েছে, সার্জেন্ট শরীফুল ইসলাম গত ৩০ জুন আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া থানার আশুলিয়া বাজারসংলগ্ন সেতুর পাশে দায়িত্ব পালন করছিলেন। ওই দিন দুপুর থেকেই সেতুর উভয় পাশে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাংসদ ইলিয়াস মোল্লা গাড়িতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সেতুর কাছে যানজটে আটকা পড়েন। কিছুক্ষণ আটকা থাকার পর তিনি হেঁটে সেতুর ওপর যান। সেখান থেকে ইশারায় সার্জেন্ট শরীফুলকে সেতুর ওপর আসতে বলেন। সার্জেন্ট সেখানে যাওয়া মাত্র ইলিয়াস মোল্লা তাঁকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাঁর জামার কলার ধরে টানাটানি করেন এবং তাঁকে মারধর করেন। সার্জেন্ট শরীফুল ইসলাম জানান, ঘটনার পর পরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাতে তিনি মামলা করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের কাজে বাধা, পোশাক ধরে টানাহেঁচড়া ও মারধরের অভিযোগে এই মামলা হয়েছে।’ট্রাফিক পুলিশকে মারধরের বিষয়ে সাংসদ ইলিয়াস মোল্লার বক্তব্য জানতে তাঁর বাসার ল্যান্ডফোনে কল করা হলেও কেউ ফোন ধরেননি। আর গতকাল বিকেল ও সন্ধ্যায় তাঁর মুঠোফোনটি একাধিকবার বন্ধ পাওয়া যায়।