সাংসদ-উপজেলা চেয়ারম্যান মুখ দেখাদেখি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গফরগাঁওয়ের নিয়ন্ত্রণ কার হাতে, কোন কোন ইউনিয়নে উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে, কোথায় কত বরাদ্দ দেওয়া হবে—এ নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে বিরোধ অন্য যেকোনো সমস্যাকে ছাপিয়ে গেছে। এমন বক্তব্য এলাকাবাসীর। গফরগাঁওয়ের সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা চেয়ারম্যান বাবেল গোলন্দাজের মধ্যে বিরোধ এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে কোনো জাতীয় উৎসবও তাঁরা একসঙ্গে পালন করেন না। এলাকার লোকজন বলছেন, একই দলের হলেও তাঁদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ।এলাকাবাসী জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুজন একই জায়গায় সভা ডেকেছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে দুজন দুই জায়গায় সমাবেশ করেন—গিয়াস জামতলা মোড়ে আর বাবেল মধ্যবাজারে। গিয়াস আওয়ামী লীগের সাংসদ আর বাবেল আলতাফ গোলন্দাজের ছেলে। প্রয়াত আলতাফ গোলন্দাজ এই আসনে আওয়ামী লীগ থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।ইউএনও খ্যান চেন জানান, দুজনের মধ্যে মতের একটু মিল থাকলে তাঁর কাজে সুবিধা হতো। কোনোভাবেই তাঁদের মতের মিল হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলার কাজে সাংসদ গিয়াসের হস্তক্ষেপ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় এখন তিনি বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে ২০০১-এর নির্বাচনের পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারম্যানরা বিরক্ত হলেও স্থানীয় সাংসদ হাতে থাকলে বরাদ্দ পেতে সুবিধা হতে পারে, এই আশায় সাংসদের কর্মকাণ্ডে তাঁরা কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করছেন না।স্থানীয় সাংসদ গিয়াস অবশ্য সব অভিযোগ প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, উপজেলা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সাংসদের পরামর্শ বাধ্যতামূলক করা হয়েছে, সে কারণেই তিনি উন্নয়নকাজে সম্পৃক্ত হচ্ছেন। তিনি বেআইনি কিছু করছেন না বলে জানান।উপজেলা চেয়ারম্যান বাবেল গোলন্দাজ প্রথম আলোকে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভিজিএফ কমিটি, কাবিখা কমিটির সভাপতি হলেও তিনি আসলে কোনো কাজই করতে পারছেন না। ইউএনওকেও স্থানীয় সাংসদের কথা শুনতে হচ্ছে। তাই উপজেলা চেয়ারম্যানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া কোনো উপায় নেই।দ্বন্দ্বের কারণে উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে, কাজে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর অভিযোগ। জানা যায়, মাস ছয়েক আগে ভিজিএফ কার্ডের জন্য প্রথমে চেয়ারম্যান বাবেলের লোকজন তালিকা করে নিয়ে যান। পরে আরও একটি তালিকার ভিত্তিতে সাংসদ গিয়াসের লোকজন চাল দেন। এতে কেউ দুবার চাল পেয়েছেন, কেউ একবারও পাননি।ভিজিএফ ছাড়াও, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, টেস্ট রিলিফ, ১০০ দিনের কর্মসৃজন কিংবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের কাজেও বিশৃঙ্খলা রয়েছে। চর আলগি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ মনসুর জানান, এ বছর গফরগাঁওয়ে কাবিখার বরাদ্দ এসেছে ৫৯৭ টন চাল। দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১১৭ টন চাল কোন ইউনিয়নের লোকজন পাবে, তা নিয়ে বিবাদ দেখা দেয়। এতে স্থানীয় সাংসদ নিজের এলাকা নিগুয়ারি ও তাঁর পছন্দের জায়গায় বরাদ্দ বেশি দেওয়ার প্রস্তাব করেন।এ ছাড়া এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে ৫৬ লাখ টাকার বরাদ্দ এলেও এখন পর্যন্ত কোনো প্রকল্প দ্বন্দ্বের কারণে চূড়ান্ত হয়নি।শুধু যে উপজেলা চেয়ারম্যান যেসব কমিটির চেয়ারম্যান, সেখানেই সাংসদ হস্তক্ষেপ করছেন, তা-ই নয়; সরকারের ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প চূড়ান্ত করার ক্ষেত্রেও আধিপত্য রয়েছে সাংসদ ও তাঁর সমর্থকদের। এ কর্মসূচিতে রাস্তাঘাট উন্নয়ন, মজা পুকুর সংস্কারসহ কিছু অবকাঠামোগত উন্নয়নের কাজ করা হচ্ছে। ইউনিয়ন কমিটি, নিজ নিজ ইউনিয়নে কর্মীদের তালিকা তৈরি করে কার্ড দেবেন এবং ইউএনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এমনটিই হওয়ার কথা। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একাধিক চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এলাকায় এমন কোনো তালিকা হয়নি, তাঁরা কাউকে কার্ডও দেননি। কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই কর্মসূচি বাস্তবায়নে অনিয়মেরও অভিযোগ রয়েছে।সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আক্কাস আলী জানান, এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাস্তা মেরামতের কাজে তিনি গিয়েছিলেন, দৈনিক মজুরি ১২০ টাকা। ছয় দিন কাজ করেছেন, চার দিনের মজুরি দিয়ে তাঁকে বিদায় করে দেওয়া হয়েছে। গফরগাঁও উপজেলায় ঠিক কত কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে, সে সম্পর্কে উপজেলা চেয়ারম্যান কিছুই জানেন না বলে উল্লেখ করেন।এসব অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ গিয়াস ও তাঁর সমর্থকেরা। মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মনি জানান, উপজেলা চেয়ারম্যান বাবেল ইউপি চেয়ারম্যানদের আস্থায় নিয়ে কাজ করতে পারতেন। কিন্তু তিনি তা করছেন না। সাংসদও এলাকার উন্নতিই চান।বিরোধ প্রসঙ্গে এলাকার একজন বলেন, ‘চেয়ারম্যান চাইলেও কিছু করতে পারতেন না। হ্যার ক্ষেমতা নাই।’ আর উপজেলা চেয়ারম্যান বাবেল গোলন্দাজ ক্ষোভের সঙ্গে জানান, তাঁর কিছু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এখন লজ্জায় লোকজনের সামনে যেতে পারছেন না। সরকার আদৌ স্থানীয় সরকার শক্তিশালী করতে চায় কি না, তা নিয়ে তাঁর প্রশ্ন আছে।