সাংসদ একাব্বরের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জাপুর থেকে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইল-৭ আসনের সাংসদ একাব্বর হোসেনের গাড়িতে হামলা চালিয়েছে এক যুবক। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে সাংসদ অক্ষত রয়েছেন। হামলাকারী ওই যুবকের নাম রফিকুল ইসলাম (৩০)। তাঁকে আটক করা হয়েছে।সাংসদের গাড়িচালক সুমন জানান, সকাল ১০টার দিকে সাংসদ মির্জাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় সাংসদের সঙ্গে তাঁর স্ত্রী ও এপিএস ছিলেন। সাড়ে ১০টার দিকে গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছালে আচমকা এক যুবক লাঠি দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলেন। এ সময় তিনি (চালক) গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরতে গেলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত করেন। এরপর এপিএস শামীম আল মামুন ওই যুবককে ধরতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে তাঁরা ওই হামলাকারীকে আটক করে পুলিশকে খবর দেন।সাংসদ একাব্বর হোসেন বলেন, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে পরিকল্পিতভাবে কেউ এ হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রফিকুল ইসলামের বাড়ি কালিয়াকৈর পৌর এলাকার ধাইনকিনি গ্রামে।আটক রফিকুল জানান, জমি নিয়ে আরেক পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। বিরোধের জের ধরেই তিনি লাঠি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি কখন, কীভাবে গাড়ি ভাঙচুর করেছেন, তা তিনি নিজেই বুঝতে পারছেন না।