সাংসদ ও ইউএনওর কারণে অকার্যকর উপজেলাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মিলে উপজেলাব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলেছেন।আর এ অবস্থা থেকে রক্ষা পেতে করণীয় নির্ধারণে আগামী ২ অক্টোবর ঢাকায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কনভেনশন অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ কনভেনশনে যোগ দেবেন। এখান থেকে ঐক্য পরিষদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ। এ সময় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক, মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, গাইবান্ধা উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, কিছু সরকারি কর্মকর্তা উপজেলার নির্বাচিত প্রতিনিধিদের অসম্মান করছেন। এমনকি উপজেলার উন্নয়নকাজের নামে তাঁরা সাংসদদের পৃষ্ঠপোষকতায় জনগণের অর্থ লুটপাট করছেন। অথচ উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধি থাকলেও তাঁদের দেখার কোনো সুযোগ নেই।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে উপজেলাকে কার্যকর করতে হলে সাংসদদের খবরদারি আর আমলাদের কর্তৃত্ব কমাতে হবে। উপজেলার নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সরকারকে মনে রাখতে হবে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা গণতন্ত্রের খুঁটি। সরকারি আমলাদের দিয়ে কোনো দিন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা কার্যকর করা যাবে না। নির্বাচনের সময়ও এ আমলারা কোনো কাজে আসবেন না। তাই সরকারকে জনগণের প্রতিনিধিদের কাছেই ফিরে আসতে হবে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারের ঘোষণা অনুসারে ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগকে উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হলেও এ পর্যন্ত কোনো বিভাগের ফাইল চেয়ারম্যানদের কাছে আসেনি। সব কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। চেয়ারম্যানরা কোনো আপত্তি করলে তাঁরা সাংসদদের দোহাই দেন। তখন চেয়ারম্যানকে অসহায়ভাবে নিজের সম্মান নিয়ে বসে থাকা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।এক প্রশ্নের জবাবে পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ বলেন, সাংসদেরা উপজেলার কার্যক্রম তদারক করতে পারেন। কিন্তু তাঁরা যখন নির্বাহী কর্মকর্তাদের দিয়ে উপজেলা পরিষদকে বাদ দিয়ে কাজ করান, তখনই বিপত্তি বাধে।