সাংসদ ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ গোলাম দস্তগীর গাজী ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের গাড়িসহ নয়টি যানবাহন, রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের তিনটি সরকারি কার্যালয় ও কর্মচারীদের আবাসিক কোয়ার্টার। আজ মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।সংঘর্ষের কারণে আইনশৃঙ্খলা কমিটির সভা পণ্ড হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এদিকে সভা চলার সময় সাংসদ ও চেয়ারম্যানের মধ্যে বাদানুবাদ হয়। উপজেলা চেয়ারম্যান সাংসদকে ‘তুই’ বলে সম্বোধন করেন। এসব ঘটনার পর থেকে এলাকায় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। সাংসদ গোলাম দস্তগীরের সঙ্গে একসময় শাহজাহানের সুসম্পর্ক থাকলেও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে এখন দা-কুমড়া সম্পর্ক।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির পূর্বনির্ধারিত সভা শুরু হয়। সভায় অংশ নিতে বেলা ১১টার দিকে উপজেলা কার্যালয়ে পৌঁছান সভার প্রধান উপদেষ্টা সাংসদ গোলাম দস্তগীর। ওই সময় চেয়ারম্যান শাহজাহানের সমর্থকেরা কিছুক্ষণ তাঁর গাড়ি ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সাংসদ গাড়ি থেকে নেমে সভায় যোগ দেন।এদিকে সাংসদের গাড়ি আটকের খবর পেয়ে তাঁর তিন শতাধিক সমর্থক উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ভিড় জমান। তাঁরা শাহজাহানের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সাংসদের সমর্থকেরা শাহজাহানের সমর্থকদের ওপর চড়াও হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। চলে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ। এ সময় উপজেলা মত্স্য, খাদ্য ও সমাজসেবা কার্যালয় এবং কর্মচারীদের আবাসিক কোয়ার্টার ভাঙচুর করা হয়।সাংসদের সমর্থকেরা উপজেলা পরিষদ ভবনের সামনে রাখা চেয়ারম্যান শাহজাহানের ব্যবহূত সরকারি জিপ ও ব্যক্তিগত মাইক্রোবাস এবং ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের প্রাইভেট কার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাবিবুল কাদিরের প্রাইভেট কার ভাঙচুর করেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিক গিয়াসউদ্দিন, যুবলীগের নেতা মোজামেঞ্চল হোসেন, ছাত্রলীগের নেতা শাহীনের মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে পুলিশ ও র্যাব ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মতিন মোল্লা, যুবলীগের নেতা আসাদ, মিলন, মজিবুর রহমান, আরমান, জুয়েল মোল্লা, আনোয়ার হোসেন, ছাত্রলীগের নেতা সোহেল, শরীফ মিয়া, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, শামীম, জুয়েল, আজিজকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। উপজেলা পরিষদ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যোগাযোগ করলে চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘এমপির সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সরকারি অফিস, চারটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমার লোকজনকে মারধর করে।’অভিযোগ অস্বীকার করে সাংসদ গোলাম দস্তগীর গাজী পাল্টা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যানের ক্যাডাররা আমার গাড়ি ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেয়। পরে আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিলে চেয়ারম্যান শাহজাহান আমাকে গালিগালাজ করেন।’সাংসদ বলেন, ‘আমার গাড়ি আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত লোক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা কাউনাইন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে তর্কবিতর্ক হলে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে সভাকক্ষের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সহকারী কমিশনার (ভূমি) ও রূপগঞ্জ থানার ওসিকে পাঠানো হয়। এ সময় উপজেলা মত্স্য, খাদ্য ও সমাজসেবা কার্যালয়সহ স্টাফ কোয়ার্টারের কয়েকটি ঘরে ভাঙচুর হয়।মামলা: এদিকে উপজেলা পরিষদ চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ উচ্ছৃঙ্খল মানুষকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন। রাত সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদের অফিস সহকারী মোস্তফা আবু হানিফ বাদী হয়ে ওই মামলা করেন।