সাংসদ কামালের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন গণমাধ্যমকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের হাতে আরটিভির নারী সাংবাদিকসহ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন থেকে সাংসদ কামাল মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অর্পণা সিংহসহ সাংবাদিকদের নির্যাতনের বিচার চাই’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।একই সঙ্গে এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির স্বচ্ছতা দাবি করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, এর আগেও কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন। এমনকি তাঁদের হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। সাংবাদিক নেতারা অপর্ণা সিংহসহ সাংবাদিক নির্যাতনের এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংসদের এ ধরনের আচরণে প্রধানমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে প্রেসক্লাবের সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, আরটিভির নিউজ ইনচার্জ লুত্ফর রহমান শিকদার, বিশেষ প্রতিনিধি রাজীব খান ও যুগ্ম বার্তা সম্পাদক আনোয়ারুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।