সাংসদ খান টিপুর বরাদ্দের অর্ধেক কেটে নেন আ.লীগ নেতারা!
যশোরের মনিরামপুর উপজেলায় শেখ রাসেলের নামে গঠিত চারটি সংগঠনকে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ খান টিপু সুলতান বিশেষ উন্নয়ন বরাদ্দ থেকে মোট এক লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন। তবে সরেজমিনে গিয়ে ওই সংগঠনগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি।সাংসদ গত দুই বছরে যে ১০৯টি প্রতিষ্ঠান ও সংগঠনের নামে উন্নয়ন বরাদ্দ দিয়েছেন, সেগুলোর মধ্যে এই চারটিসহ মোট আটটি সংগঠনের অস্তিত্ব মনিরামপুরে পাওয়া যায়নি। এ ছাড়া কয়েকটির কর্তৃপক্ষ বরাদ্দ পাওয়ার বিষয়ে জানে না। প্রথম আলোর অনুসন্ধানে বিষয়টি জানা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, বরাদ্দ পাওয়া ২৯টি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি নেই।বরাদ্দ হলেও তা না পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিযোগ করে, ওই বরাদ্দ স্থানীয় আওয়ামী লীগের নেতারা তুলে নিয়েছেন। অনেকে অভিযোগ করেন, সাংসদকে দিতে হবে জানিয়ে তাঁর ঘনিষ্ঠ নেতারা বরাদ্দের অর্ধেক অগ্রিম কেটে রেখেছেন।অবশ্য সাংসদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব মিথ্যা প্রচার। এমন কিছু ঘটেনি।মনিরামপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত দুই বছরে এলাকার উন্নয়নের জন্য সাংসদ টিপু সুলতানের নামে ৮৭ লাখ টাকা ও দুই হাজার ২০০ টন চাল-গম বরাদ্দ দেওয়া হয়েছে। সাংসদ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নামে বরাদ্দ দেন।বরাদ্দের তালিকা থেকে জানা যায়, ঢাকুরিয়া ইউনিয়নের তারুয়াপাড়া রাসেল স্মৃতি সংঘ, বালিয়াডাঙ্গা মাঝের পাড়া রাসেল স্মৃতি সংঘ, রামনাথপুর দক্ষিণপাড়া রাসেল স্মৃতি সংঘ এবং সাতনল শেখ রাসেল স্মৃতি সংঘের নামে মোট এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ওই চারটি ইউনিয়নে গিয়ে এমন নামের কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। বালিয়াডাঙ্গা মাঝেরপাড়া রাসেল স্মৃতি সংসদের নামে বরাদ্দ তুলেছেন সংগঠনের সভাপতি আজিজুর রহমান।এই চার সংগঠনের নামে বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাই দলীয় ভাবাদর্শ প্রচারের জন্য বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। অনেক সংগঠন গড়ে তোলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একদম অস্তিত্ব নেই এমন কোনো সংগঠন বরাদ্দ পায়নি।’বরাদ্দ পাওয়া ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জানা গেছে, এগুলোর কোনোটিই বরাদ্দের অর্ধেকের বেশি পায়নি। কয়েকটি কোনো টাকাই পায়নি। এলাকায় প্রচলিত রয়েছে, ভাগ্য ভালো হলে বরাদ্দের অর্ধেক মিলবে। খারাপ হলে কিছুই মিলবে না।ওই ১৫টির মধ্যে সদর ইউনিয়নের সুন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার বাবদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামপদ দাস প্রথম আলোকে জানান, এই বরাদ্দের টাকা তিনি পাননি। কে এই টাকা তুলেছেন, তাও তিনি জানেন না।কালারহাট আলিয়া মাদ্রাসার নামেও ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ওই মাদ্রাসার সভাপতি ও আওয়ামী লীগের কর্মী নূর মোহাম্মদও ওই টাকা না পাওয়ার কথা জানান। আফসোসের সঙ্গে তিনি বলেন, ‘আগে দল ক্ষমতায় ছিল না। তখন বরাদ্দ পেতাম না। এখন দল ক্ষমতায়, বরাদ্দও হয়েছে, কিন্তু ওই টাকা দলের নেতারা মেরে দেন। টাকা চাইলে উল্টো ভয় দেখান।’খান টিপু সুলতান বলেন, এমন কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।২৯টি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি নেই: সূত্র জানায়, সরকার থেকে জানতে চাওয়ায় উপজেলা প্রশাসন বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কাজের অগ্রগতির একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা গেছে, প্রকল্পের সময়কাল শেষ হতে চললেও ২৯টির কাজের অগ্রগতি হয়নি। জানা গেছে, এ কারণে বরাদ্দ ফেরত চেয়ে এসব প্রতিষ্ঠানকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হবে।মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, সাংসদের বরাদ্দ সরাসরি জেলা থেকে চূড়ান্ত হয়ে উপজেলায় আসে বলে যাচাই-বাছাইয়ের সুযোগ নেই। চলতি মাসের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রকল্প গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দিতে বলা হবে।কমিটিতে সাংসদের মনোনীত ব্যক্তিরা: স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, গত আড়াই বছরে মনিরামপুরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সভাপতি, সদস্য হয়েছেন সাংসদের মনোনীত ব্যক্তিরা। এর কয়েকটির সভাপতি নিয়ে ক্ষোভ, বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যেমন: দীঘিরপাড় উচ্চমাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি আমেনা বেগম তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি উপজেলা মহিলা লীগের সভাপতি। গলদা খরিঞ্চি মাদ্রাসার সভাপতি করা হয়েছে মনিরামপুর ডিগ্রি কলেজের প্রভাষক উত্তম চন্দ্র চন্দকে। এ ছাড়া ঠাকুরিয়া আলিম মাদ্রাসার সভাপতি করা হয়েছিল ঠাকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডুকে। বিতর্ক ওঠায় পরে তা বাতিল করা হয়।খান টিপু সুলতান এ ব্যাপারে বলেন, ‘আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যাঁদের যোগ্য মনে করা হয়েছে, কমিটিই তাঁদের সভাপতি নির্বাচন করেছে। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই। আর মাদ্রাসায় যদি হিন্দু শিক্ষক পড়াতে পারেন, তবে হিন্দু ধর্মাবম্বলী কেন কমিটির সভাপতি হতে পারবেন না?’কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কমিটি এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ঘুষ দিতে হয়। এই ঘুষের পরিমাণ তিন থেকে পাঁচ লাখ টাকা। তাঁরা সাংসদের নাম করে টাকা নিয়েছেন। কমিউনিটি ক্লিনিকে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দিতে হয়েছে এক লাখ টাকা।এই অভিযোগ প্রসঙ্গে সাংসদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায়, তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতেও দলীয় লোকজন রয়েছেন। তবে নিয়োগের জন্য কমিটি বা তাঁর নামে কোনো ঘুষ নেওয়া হয়নি।সুকৃতির কুকীর্তি: মনিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সুকৃতি বিশ্বাস কুলটিয়া গার্লস স্কুল ও পোড়াভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি এবং মশিহাটি ডিগ্রি কলেজের কমিটির সদস্য। গত বছর ওই কলেজের সংস্কার বাবদ সরকারের ত্রাণ বিভাগ থেকে দেওয়া সাড়ে চার লাখ টাকার প্রকল্প বরাদ্দ প্রকল্প কমিটির সভাপতি হিসেবে সুকৃতি তুললেও কলেজের তহবিলে জমা দেননি। পরে এ নিয়ে কলেজে সালিস হলে সাংসদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুকৃতি এক লাখ ১০ হাজার টাকা জমা দেন। বাকি টাকা এখনো দেননি।এই অভিযোগ প্রসঙ্গে সুকৃতি বিশ্বাস বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এমপি সাহেব বিষয়টির মীমাংসা করে দিয়েছেন। এখন আর কোনো সমস্যা নেই।’ডিলার নিয়োগে চাঁদা: গত বছর মনিরামপুরে ৫৪ জন সার ডিলার নিয়োগ হয়। এ ক্ষেত্রে ডিলারপ্রতি ৩০ হাজার টাকা করে চাঁদা নেওয়ার দায়িত্ব ছিল সুকৃতি বিশ্বাসের ওপর। তিনি জানান, এই টাকা তিনি মনিরামপুর বহুমুখী উন্নয়ন সমিতির তহবিলে জমা রেখেছেন। এই সংগঠনের সভাপতিও সুকৃতি।সুকৃতি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক কৃষকদের উন্নয়নে এই সংগঠন গঠন করা হয়েছে। এমপি সাহেব ডিলারদের কাছ থেকে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সমিতির ৪০০ সদস্যের সবাই আওয়ামী লীগের সদস্য। তাঁদের প্রত্যেককে কৃষিকাজের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।’খান টিপু সুলতান এ ব্যাপারে বলেন, ‘সরকার আওয়ামী লীগের, ডিলারও আওয়ামী লীগের। ফলে ডিলাররা যদি কৃষকের উন্নতির জন্য চাঁদা দেয়, তাহলে তো আমি দোষের কিছু দেখছি না।’দায়িত্ব ছয়জনের: অভিযোগ রয়েছে, মনিরামপুরে যেকোনো উন্নয়ন বরাদ্দ, নিয়োগ ও দরপত্র নিয়ন্ত্রণে সাংসদ টিপু সুলতান তাঁর ঘনিষ্ঠ আওয়ামী লীগের ছয় নেতাকে দায়িত্ব দিয়েছেন। এঁরা হলেন অরবিন্দ হাজরা, দেবাশীষ সরকার, জি এম মজিদ, গৌর কুমার, উত্তম মিত্র ও জয়ন্ত বসু। উপজেলার ১৬টি ইউনিয়নে একজন করে সংগ্রহকারী রয়েছেন। এই সংগ্রহকারীরা বরাদ্দ ও নিয়োগ থেকে পাওয়া টাকা থেকে নিজেদের কমিশন রেখে বাকি টাকা এই ছয়জনকে দেন। ওই ছয়জনের হাত হয়ে তা সাংসদ পর্যন্ত পৌঁছায়।অভিযোগ অস্বীকার করে জি এম মজিদ বলেন, ‘আমি মানুষের টাকা নেই না। উল্টো নিজের টাকা দলকে দেই।’ অন্যরাও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।আর সাংসদ বলেন, ‘আমার বাবা জমিদার ছিলেন। আমার স্ত্রী চিকিৎসক। মাসে আমাদের কয়েক লাখ টাকা আয়। আমি কেন মানুষের টাকা নেব!’