সাংসদ গোলাম মাওলাকে বহিষ্কারের দাবিতে রাজধানীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ আসনে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনিকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে পটুয়াখালী আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। এ দাবিতে আজ বুধবার সকালে ঢাকার দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।মানববন্ধনে ঐক্য ফোরামের নেতারা বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে গোলাম মাওলা রনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি আওয়ামী লীগের মিত্র শক্তি হতে পারেন না। এ ধরনের কথাবার্তা বলে গোলাম মাওলা রনি দল ও দলীয় নেতাদের ভাবমূর্তি ও ভোটব্যাংক নষ্ট করতে চায় বলেও তারা অভিযোগ করে। তারা উল্লেখ করে, গত দুই বছরে তিনি বারবার এর প্রমাণ দিয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা, একই কমিটির সহসভাপতি সন্তোষ কুমার দে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের আহ্বায়ক মো. ইউনুস মিয়া, সদস্যসচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।