সাংসদ গোলাম রেজার বাসভবনে হামলা
প্রেসিডিয়ামের পদ থেকে অব্যাহতি পাওয়া জাতীয় পার্টির সাংসদ গোলাম রেজার মিরপুরের সেনপাড়া পর্বতার বাসভবনে আজ বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।সাতক্ষীরা-৪ আসনের সাংসদ গোলাম রেজা প্রথম আলো ডটকমকে বলেন, ‘জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ও মোস্তাকুর রহমানকে আমি হামলার সময় দেখেছি। আমার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি আরও জানান, হামলাকারীরা তাঁর বাসভবন ও চারতলা ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে।তবে কাফরুল থানার এসআই ইফতেখার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তাঁরা অভিযোগ পেয়েছেন। হামলাকারীরা গোলাম রেজার বাড়ির জানালা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাচ ভাঙচুর করেছে। ওই ভবনে কয়েকটি দোকান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা রয়েছে। উল্লেখ্য, প্রতারণার অভিযোগে গতকাল মঙ্গলবার সংসদীয় দলের হুইপ ও প্রেসিডিয়াম সদস্য পদ থেকে গোলাম রেজাকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে গোলাম রেজা বলেন, তাঁর অব্যাহতিপত্রে এরশাদের স্বাক্ষর ছিল না।