সাংসদ গোলাম রেজার শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার শিক্ষাগত যোগ্যতার সনদ কেন আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ উপস্থাপনে ব্যর্থ হলে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, আদালত তাও জানতে চেয়েছেন।বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সাংসদ গোলাম রেজাসহ ছয়জনকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী গোলাম রেজা মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, এমন অভিযোগে ওই এলাকার গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম শফিউল আজম রিটটি করেন। রিটে বলা হয়, গোলাম রেজা অষ্টম শ্রেণী পাস। কিন্তু হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ রয়েছে উচ্চমাধ্যমিক পাস। তবে উচ্চমাধ্যমিকের সনদ হারিয়ে যাওয়ায় তিনি ২০০৮ সালের ২৬ নভেম্বর কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু গণপ্রতিনিত্ব আদেশ অনুসারে তিনি হলফনামায় সত্য তথ্য দেননি। রিটে গোলাম রেজার সংসদ সদস্যপদ বাতিলের আবেদন জানানো হয়।রিট আবেদনকারীর কৌঁসুলি কাজী আকতার হামিদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আগে একটি রিট করা হয়। আদালত নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তি করতে নির্দেশ দেন। কিন্তু শফিউল আজম এ বিষয়ে নির্বাচনের সময় আপত্তি না জানানোয় তাদের কিছু করার নেই বলে নির্বাচন কমিশন জানায়। কিন্তু আইন অনুসারে নির্বাচনের প্রার্থীদের তথ্য জানার অধিকার জনগণের রয়েছে। প্রার্থীদের সম্পর্কে সঠিক তথ্য জানানোর জন্য নতুন করে রিটটি করা হয়। আদালত রুল জারি করেছেন।