সরেজমিন যশোর: চাল বরাদ্দে অনিয়ম, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, নিয়োগ-বাণিজ্য
সাংসদ টিটোর চারপাশ ঘিরে যত অভিযোগ
যশোর উপশহর পার্কে স্মৃতিস্তম্ভ সংস্কারের নামে গত তিন বছরে টিআরের (টেস্ট রিলিফ) মোট পাঁচ টন চাল বরাদ্দ করা হলেও সরেজমিনে গিয়ে সংস্কারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। চেতনার মঞ্চ নামে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ সংস্কার এবং সম্প্রসারণের জন্য গড়া এ প্রকল্পের সভাপতি হলেন সাংসদ খালেদুর রহমান টিটোর ঘনিষ্ঠজন হাবিবুর রহমান।মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নব্বইয়ের দশকে উপশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ সাবিরুল হকের উদ্যোগে নির্মাণ করা হয়েছিল একটি ফলক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণচাঁদা নিয়ে এ পার্কেই একটি শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করেন হাবিবুর রহমান (তিনি হবি নামে পরিচিত)। সাংসদ খালেদুর রহমানের সঙ্গে তিনিও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।শহীদ মিনার নির্মিত হওয়ার পর এটি সংস্কারের জন্য হাবিবুর রহমান নিজেই সভাপতি হয়ে একটি প্রকল্প তৈরি করেন। এ প্রকল্পের জন্য ২০০৮-২০০৯ সালে এক টন, ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ সালে দুই টন করে চার টন চাল বরাদ্দ নেন।সরেজমিন অনুসন্ধানের সময় এ বিষয়ে জানতে চাইলে উপশহর ইউপির চেয়ারম্যান কাজী আসগার হোসেন বলেন, সংস্কারের নামে ফলকটি পাল্টে হবি সাহেব তথ্য সংগ্রাহক হিসেবে নিজের নাম সংযুক্ত করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান বললেন, ‘সংস্কার প্রকল্পে বরাদ্দ পাওয়ার পর পার্কের গাছ কেটে বিক্রি ছাড়া আর কিছুই করা হয়নি।’সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পটি সম্পর্কে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আমরা পুরোনো কিছু সংস্কার করতে যাব কেন? উপশহরের মানুষজনের সহযোগিতা নিয়ে নিজেরাই একটা নতুন শহীদ মিনার নির্মাণ করেছি। এখন এর পাশে একটা উন্মুক্ত মঞ্চ বানাব।’ তাঁর কাছ থেকে বরাদ্দের পরিমাণ ও বিনিময়ে পাওয়া অর্থের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন খোকনের অফিসে আছি। আপনি তাঁর সঙ্গে কথা বলেন।’ এই খোকন মানে সাংসদ টিটোর চাচাতো ভাই মারুফ হোসেন ওরফে খোকন।সরেজমিন অনুসন্ধানের সময় বারবার এ নামটি শোনা গেছে। এলাকাবাসীর অভিযোগ, খোকনের হাতে ২৫-৩০ শতাংশ হারে কমিশন না দিলে কোনো প্রকল্পের বরাদ্দ পাওয়া যায় না। অবশ্য অভিযুক্ত খোকন তাঁর হাতে সাংসদের নির্বাচিত প্রকল্পগুলোর তালিকা কম্পিউটারে কম্পোজ করা ছাড়া আর কোনো দায়িত্ব থাকে না বলে জানান।সাংসদ টিটোও খোকনের বক্তব্য সমর্থন করে বলেন, ‘আমার অনুমতি না নিয়ে খোকন এক মুঠো চাল-গম বিতরণের অধিকার রাখে না।’ তিনি দলের লোকজনের পরিবর্তে নিজের লোকদের হাতে সরকারি বরাদ্দ বিতরণের দায়িত্ব তুলে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘শুরুতে আমি আওয়ামী লীগের সদর উপজেলা কমিটি ও আমার নির্বাচনী এলাকার ইউনিয়ন কমিটিগুলোর নেতাদের হাতে এ দায়িত্ব দিয়েছিলাম। কোথাও কোথাও তাঁরা অনিয়ম করেছেন, এমন প্রমাণ পাওয়ার পর বিলিবণ্টনের দায়িত্ব নিজের লোকদের হাতে তুলে দিয়েছি।’‘আপনার নিজের লোকদের নিয়েও তো বিতর্ক শুরু হয়েছে?’ উত্তরে সাংসদ টিটো বলেন, ‘আমার নিজের লোকদের নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর শরীফ নূর মোহাম্মদ আলী রেজাকে প্রধান করে একটি তদন্ত কমিটির মাধ্যমে সত্য-মিথ্যা খুঁজে দেখেছি।’ সাংসদের সঙ্গে আলোচনার সময় উপস্থিত ছিলেন শরীফ নূর। তিনি জানান, সরকারি বরাদ্দ বিতরণে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি।সাংসদ টিটো তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য এ পর্যন্ত ৯৭৯টি প্রকল্পের বিপরীতে এক হাজার ১০২ মেট্রিক টন চাল-গম এবং দুই কোটি সাত লাখ নগদ টাকা বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে।এই ৯৭৯টি প্রকল্পের প্রায় সব কটিতেই সাংসদের নিজস্ব লোকজনকে সভাপতি করতে হয়েছে। টিটোর নিজস্ব ওই লোকদের মধ্যে আরবপুরের আবদুর রহমান ও রবিউল ইসলাম, চূড়ামনকাটির আলতাফ হোসেন, দেয়াড়ার আনোয়ার হোসেন ও লিয়াকত হোসেন, লেবুতলার রেজাউল করিম ও বাহাউদ্দিন, হৈবৎপুরের সাখাওয়াত আলী, কাশিমপুরের কাজী আলম, নওয়াপাড়ার মফিজুর রহমান, চাঁচড়ার মাহফুজুর রহমান, রামনগরের ফসিয়ার রহমান, মিন্টু, মহব্বত, ওয়াজেদ মেম্বার প্রমুখের নাম জানা গেছে। এ লোকগুলোর দু-একজন ছাড়া বাকি সবাই জাতীয় পার্টি ও বিএনপি থেকে সাংসদের সঙ্গে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।রামনগরের ফসিয়ার রহমান সাংসদ টিটোর নাম করে লোকজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করে দেশ ছেড়ে পালিয়েছেন। বিষয়টি নিয়ে সাংসদ নিজেই বিব্রতকর অবস্থায় আছেন বলে জানিয়েছেন। ফসিয়ারের ঘটনার পর তিনি এলাকাবাসীকে তাঁর নাম ভাঙিয়ে কেউ কোনো টাকা নিলে তাঁকে সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারীদের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছেন।সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়: সাংসদের তিন ছেলে মাশুক, খালেদ হাসান ওরফে জিউস ও হাবিব হাসান ওরফে বাবুর বিরুদ্ধে নিয়োগের জন্য তদবির থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি সন্ত্রাসীদের সঙ্গে ওঠাবসা, নিজেদের ব্যবসার স্বার্থে সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ এখন যশোরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সাংসদের বাড়ির পাশের একটি গুদামঘরে প্রতিপক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের নির্যাতনের শিকার মুল্লুক চাঁদ চৌধুরী বলেন, ওই গুদামঘরে তাঁকে নির্যাতন করা হয়েছিল। মুল্লুক চাঁদ স্থানীয় বিএনপির সাবেক সভাপতি নয়ন চৌধুরীর ছেলে।বছর খানেক আগে শহরের বড়বাজারের ইজারাদার সাংসদের ছেলেদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ওঠে। জানা যায়, অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে আয়োজিত সভা থেকে অস্ত্রের মুখে ধরে আনা হয় মুল্লুক চাঁদকে। তবে সাংসদের ছেলে মাশুক হাসান বলেন, ‘না, মুল্লুক ভাইকে ধরে আনা হয়নি। বরং দুই পক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব করা হলে তিনি নিজেই এসেছিলেন এবং এ নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছিল।’মুল্লুক চাঁদ বলেন, আলোচনার প্রস্তাব ঠিক নয়। বাজারের ব্যবসায়ীরা থানা ঘেরাও করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আনে। এ নিয়ে মামলা হয়েছিল কি না, জিজ্ঞেস করা হলে মুল্লুক চাঁদ জানান, থানায় একটি অভিযোগ করা হয়েছিল। পুলিশের স্বাক্ষরযুক্ত অভিযোগের অনুলিপি আছে। কিন্তু অজ্ঞাত কারণে থানা মামলা নেয়নি।যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, তখন এই থানায় তিনি ছিলেন না। তাই মামলা না নেওয়ার কারণ সম্পর্কে কিছু বলতে পারবেন না।সর্বশেষ গত ২৮ জুলাই এম এম কলেজের ইতিহাসের ছাত্র আমিরুল ও নজরুলকে ষষ্ঠীতলার বিষু ওরফে ভয়ংকর বিষু ওই গুদামঘরে ধরে এনে নির্যাতন চালায় বলে জানা গেছে।যশোরে বিষুর মতো উঠতি সন্ত্রাসীদের অনেকগুলো বলয় এখন সাংসদ টিটো ও তাঁর ছেলেদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলে জানা গেছে। ২০০৬ সালের ২৪ আগস্ট যে ঢোল রফিকের হামলায় সাংসদ টিটোর প্রাণসংশয় হয়েছিল, ইদানীং সাংসদের সঙ্গে সভা-সমাবেশ ও মিছিল—সর্বত্রই সেই ঢোল রফিককে দেখা যায়।সাংসদের বড় ছেলে মাশুক হাসান বলেন, ‘সন্ত্রাসীদের কেউ আমাদের সঙ্গে মিছিল ও সভা-সমাবেশে থাকলেই আমাদের তাঁদের পৃষ্ঠপোষক বলা যায় না।’নিয়োগ-বাণিজ্য: দলীয় কর্মীদের চাকরি না দিয়ে টাকা নিয়ে অন্যদের চাকরি দেওয়ার অভিযোগ আছে সাংসদের লোকজনের বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের তৃণমূলের এক কর্মিসভায় উপশহর আওয়ামী লীগের সহসভাপতি মোখলুকার রহমান অভিযোগ করেন, উপশহরের বাদশা ফয়সল কলেজে আটটি, উপশহর ডিগ্রি কলেজে চারটি এবং উপশহর গার্লস হাইস্কুলে চারটি পদে নিয়োগ দেওয়ার বিনিময়ে তিন থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে। এই সভায় সাংসদও উপস্থিত ছিলেন। ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের দুজন ছাড়া সবাই বিএনপি-জামায়াত পরিবারের সদস্য বলে ওই সভায় জানানো হয়। সাংসদ টিটো এ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি।’শিক্ষক নিয়োগে তদবিরের অভিযোগ রয়েছে সাংসদের ছেলে মাশুক হাসান ওরফে জয়ের বিরুদ্ধেও। মাশুকের মনোনীত দুই প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ না দেওয়ায় পদ ছাড়তে বাধ্য হয়েছেন সদরের সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সভাপতি আবুল কালাম আজাদ। প্রথম আলোর কাছে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে টিটো বলেন, এটা ঠিক নয়। আর টিটোর ছেলে মাশুক বলেন, তাঁর বিরুদ্ধে তদবিরের অভিযোগ প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। বর্তমানে সাংসদ নিজেই ওই কলেজের সভাপতি।টিটো লীগ: টিটোর বিরুদ্ধে নিজস্ব লোকদের নিয়ে উপদল গড়ার অভিযোগ এনে বিরোধীরা ব্যঙ্গ করে বলেন, তিনি আওয়ামী লীগের ভেতরে ‘টিটো লীগ’ গড়েছেন। টিটো বাম-ডান বিভিন্ন দল ঘুরে আওয়ামী লীগে এসে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছেন।আওয়ামী লীগে টিটোর যোগদানের বিরোধিতাকারীদের অন্যতম যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘প্রথমে আমিও আওয়ামী লীগে তাঁর (টিটো) যোগদানের বিরুদ্ধে ছিলাম। পরে প্রতিষ্ঠালগ্নে যশোর আওয়ামী লীগে তাঁর পরিবারের ভূমিকার কথা স্মরণ করে ভেবেছি, ঘরের ছেলে তো ঘরেই ফিরে এল।’ মোহিত নাথ জানান, যশোরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন টিটোর বাবা হাবিবুর রহমান, যাঁর কথা রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থেও।আওয়ামী লীগের নেতাদের মধ্যে একমাত্র এই মোহিত কুমার নাথই কিছুদিন আগ পর্যন্ত ছিলেন টিটোর সার্বক্ষণিক সঙ্গী। মোহিত বলেন, ‘অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে টিটো ভাইয়ের দূরত্ব ঘোচাতে পারিনি। পরে তাঁর নিজের লোকদের মধ্যে নিয়োগ, টেন্ডার ও উন্নয়নের বরাদ্দ নিয়ে কাড়াকাড়ি দেখে পালিয়ে বেঁচেছি। নইলে আমাকেও কথিত টিটো লীগের সদস্য বলে ভাবতে শুরু করত দলের লোকজন।’এ বিষয়ে সাংসদ টিটো প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের লোকজনকে ব্যঙ্গ করার জন্য শুরুতে মোহিত নাথের মতো দুর্মূখেরা এ নামটা চালু করেছিল। কিন্তু এখন আমার লোকজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিশে গেছেন।’দলের সঙ্গে দূরত্ব: সাংসদ টিটোর বিরুদ্ধে আওয়ামী লীগে উপদল গড়ার পাশাপাশি দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগও আছে। দলের সঙ্গে দলীয় সাংসদের দূরত্বের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদরের ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিততে পারেননি বলে মনে করেন দলেরই লোকজন। রামনগর ইউনিয়নে মাত্র ৫৪ ভোটে পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন বলেন, তাঁর ইউনিয়নে সাংসদের ঘনিষ্ঠ আইনজীবী আফজাল বিদ্রোহী প্রার্থী হিসেবে না দাঁড়ালে এবং সাংসদের ভূমিকা তাঁর বিপক্ষে না হলে তিনি পরাজিত হতেন না।তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির দায় কাঁধে নিতে নারাজ সাংসদ টিটো। তাঁর মতে, প্রার্থীদের জিতিয়ে আনতে আরও বেশি দলীয় তৎপরতা দরকার ছিল।