সাংসদ তাপসকে হত্যার হুমকিদাতা ১০ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ ফজলে নূর তাপসকে হত্যার হুমকি দেওয়ার জন্য দায়েরকৃত মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা সোহেল রানাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন। ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) আকবর হোসেন আসামিকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, সোহেল রানা মুঠোফোনে সাংসদ ফজলে নূর তাপসকে হত্যার হুমকি ও ক্ষুদ্রবার্তা পাঠান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।