সাংসদ তাপসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাংসদ ফজলে নূর তাপসের বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবুবক্কর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাপসের করা বাতিল আবেদনের ওপর এ রায় দেন। আদালতে তাপসের পক্ষে আইনজীবী মো. মেহেদী হাসান চৌধুরী, দুদকের পক্ষে মিজানুর রহমান এবং সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ মামলা পরিচালনা করেন। জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে শেখ ফজলে নূর তাপস মিথ্যা তথ্য দিয়েছেন—এমন অভিযোগে ২০০২ সালের ৭ এপ্রিল তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় একটি মামলা করে। এ মামলা বাতিল চেয়ে ওই বছরই হাইকোর্টে আবেদন করেন ফজলে নূর তাপস। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে কেন মামলাটি বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাটি বাতিল করে দেন।