সাংসদ নুরন্নবীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরিকে যুবলীগ কর্মী ইব্রাহিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঈদের পরেই সাংসদ নুরুন্নবী চৌধুরিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হবে বলে জানিয়েছেন ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান। গতকাল শনিবার রাতে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাবুবর রহমান এ কথা বলেন। তিনি বলেন, সাংসদ নুরন্নবী ইব্রাহিম হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।এর আগে সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার চিন্তাভাবনা কথা জানিয়েছিল ডিবি। আদালতের নির্দেশে ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ওই মামলায় সাংসদ নুরন্নবীকে আসামি করা হয়নি। প্রসঙ্গত, গত ১৩ আগস্ট আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে দলীয় কর্মী ইব্রাহিম নিহত হন। এ ঘটনায় সাংসদের গাড়ির চালক বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পুলিশ ২ সেপ্টেম্বর চুড়ান্ত প্রতিবেদন দিয়ে অপমৃত্যুর মামলাটি শেষ করে এবং এ ঘটনায় অজ্ঞাত আসামী দেখিয়ে হত্যা মামলা দায়ের করে।অবশ্য তার আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনকে আসামী করে হত্যা মামলা দায়েরের জন্য আদালতে আবেদন করেন।