সাংসদ নুরুন্নবী সন্দেহমুক্ত নন বলে মনে করছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যার ঘটনায় ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী সন্দেহমুক্ত নন বলে মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় সর্বশেষ গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদের পর সিআইডির তদন্ত কর্মকর্তারা এ ধারণার কথা জানিয়েছেন।তবে ইব্রাহিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল হালিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সাংসদের জড়িত থাকার ব্যাপারে তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। আসামিদের আরও জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে জানা যাবে।সিআইডির কর্মকর্তারা জানান, মামলার তদন্তভার সিআইডি পুলিশের হাতে আসার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাংসদ নুরুন্নবীর ঘনিষ্ঠ মাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন ও যুবলীগের কর্মী গোলাম মোস্তফা। তাঁদের দুই দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তাঁরা দ্বিতীয় দফা রিমান্ডে সিআইডির হেফাজতে আছেন।সিআইডির কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি নিশ্চিত হয়েছে, ইব্রাহিম গুলিবিদ্ধ হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে, তার সবই হয়েছে নুরুন্নবীর নির্দেশে। টেলিফোনের মাধ্যমে তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত অবস্থায় ইব্রাহিমকে পুরান ঢাকার একটি ক্লিনিকে নেওয়া এবং পরে লাশ রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে সাংসদের কথামতো। তদন্তকারী কর্মকর্তা জানান, সাংসদ নুরুন্নবী এ ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তবে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সরাসরি জড়িত কি না, সে ব্যাপারে তাঁরা এখনো স্পষ্ট নন।এর আগে নুরুন্নবীর গাড়িচালক কামাল হোসেন আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বলেন, আহত অবস্থায় ইব্রাহিমকে সাংসদের গাড়ি থেকে মাজহারুলের ভাড়া করে আনা মাইক্রোবাসে তোলার সময় তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। পরে তাঁকে উঠিয়ে ওই মাইক্রোবাসে করেই প্রথমে ক্লিনিকে ও সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কামাল আরও বলেন, তিনি যে মামলা করেছেন, সেটিও করেছেন সাংসদের কথামতো।প্রসঙ্গত, ইব্রাহিম হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় গত ১৮ সেপ্টেম্বর মামলাটির তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে। ইব্রাহিম ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক কামাল বাদী হয়ে এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা করেন। ওই থানার পুলিশ মামলার তদন্ত শুরু করলেও ১৭ আগস্ট তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়, ইব্রাহিমকে হত্যা করা হয়েছে এবং ঘটনা ধামাচাপা দিতে কামাল অপমৃত্যুর মামলা করেন।এদিকে ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা করেন। এ মামলার ব্যাপারে আদালত এখনো কোনো নির্দেশনা দেননি।