সাংসদ নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীকে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঈদের পর কয়েক দিনের মধ্যে নুরুন্নবী চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান। গত শনিবার রাতে নগরের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাবুবর রহমান এ কথা বলেন। তিনি বলেন, সাংসদ নুরুন্নবী আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।এর আগে সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার চিন্তাভাবনার কথা জানিয়েছিল ডিবি। আদালতের নির্দেশে ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ওই মামলায় নুরুন্নবীকে আসামি করা হয়নি। গত ১৩ আগস্ট আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে দলীয় কর্মী ইব্রাহিম নিহত হন। এ ঘটনায় সাংসদের গাড়ির চালক বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পুলিশ ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অপমৃত্যুর মামলাটি শেষ করে এবং এ ঘটনায় অজ্ঞাত আসামি দেখিয়ে হত্যা মামলা দায়ের করে।অবশ্য তার আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়েরের জন্য আদালতে নালিশি আবেদন করেন।