সাংসদ নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ খুনের মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। দু-এক দিনের মধ্যে তাঁকে ডাকা হবে বলে জানা গেছে।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, এ মামলার তদন্তে সাংসদ নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কখন তাঁকে ডাকা হবে, সেটা এখন বলা যাবে না।সূত্র জানায়, সিআইডি পুলিশের হাতে তদন্ত আসার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলাম ওরফে মিঠু, দেলোয়ার হোসেন ও যুবলীগের কর্মী গোলাম মোস্তফা ওরফে শিমুল। তাঁদের সবাইকে দুই দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।সিআইডির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদ থেকে সিআইডি নিশ্চিত হয়েছে, ইব্রাহিম নিহত হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে, তার সবই হয়েছে সাংসদের নির্দেশে। এসব কারণে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাঁরা জানান। কর্মকর্তারা বলেন, সাংসদ এ ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তবে তিনি খুনের ঘটনা সরাসরি জড়িত কি না, সে ব্যাপারে তাঁরা এখনো স্পষ্ট নন।সাংসদকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ওপর মহলের চাপ আছে কি না, জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না।অভিযোগ আছে, চাপের মুখে শুরু থেকেই এ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। ইব্রাহিম খুন হলেও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে দুর্ঘটনায় মৃত্যু বলে মামলা দায়ের করা হয়। এরপর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পুলিশ এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে। আবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে ইব্রাহিম হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ জড়িত নন বলেও দাবি করেছিলেন।এর আগে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা রাতের বেলায় গোপনে সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সে সময়ে সাংসদ সব অভিযোগ অস্বীকার করেন।গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাংসদ পুলিশকে জানিয়েছিলেন, তাঁর গাড়িচালক ঘটনার বর্ণনা যেভাবে দিয়েছিলেন, তিনি সেটাই বিশ্বাস করেছিলেন। এ কারণে তিনি গাড়িচালককে দুর্ঘটনার মামলা করার জন্য থানায় পাঠিয়েছিলেন। ইব্রাহিমকে কেন পুরান ঢাকায় নেওয়া হয়েছিল, জানতে চাইলে সাংসদ সে সময় সদুত্তর দিতে পারেননি।উল্লেখ্য, মামলার তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ১৮ সেপ্টেম্বর এর তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়। ইব্রাহিম আহমেদ গত ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হন। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।থানার পুলিশ মামলার তদন্ত শুরু করলেও ১৭ আগস্ট মামলার তদন্তের কার্যক্রম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আসে। তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়, ইব্রাহিম খুন হন এবং ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা করেন। তবে মামলাটির তদন্তের ভার এখন সিআইডির হাতে।এর আগে গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা করেন। তবে আদালত এই মামলার ব্যাপারে এখনো কোনো নিদের্শনা দেননি।