আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যা মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে কঠোর গোপনীয়তার মধ্যে রাজধানীর মিন্টো রোডের ডিবির কার্যালয়ে তাঁকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, সাংসদ নুরুন্নবী ইব্রাহিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সাংসদ নুরুন্নবী ডিবির কর্মকর্তাদের জানান, ভুলবশত লাইসেন্স করা তাঁর পিস্তলটি তিনি ব্যক্তিগত গাড়িতে ফেলে যান। এর পরই এই ঘটনা ঘটে। তাঁর চালক তাঁকে বলেছিলেন, এটি দুর্ঘটনা। তিনি বুঝতে পারেননি যে এটি হত্যাকাণ্ড। এরপর তাঁর গাড়িচালককে তিনি থানায় মামলা করতে পাঠান। রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর সাংসদ নুরুন্নবীকে ডিবির কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।এর আগে নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার চিন্তাভাবনার কথা জানিয়েছিল ডিবি। আদালতের নির্দেশে ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ওই মামলায় নুরুন্নবীকে আসামি করা হয়নি।গত ১৩ আগস্ট আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে দলীয় কর্মী ইব্রাহিম নিহত হন। এ ঘটনায় সাংসদের গাড়িচালক বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পুলিশ ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অপমৃত্যুর মামলাটি শেষ করে এবং এ ঘটনায় অজ্ঞাত আসামি দেখিয়ে হত্যা মামলা দায়ের করে।এর আগে গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে আদালত এ মামলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা দেননি।ইব্রাহিম নিহত হওয়ার দুই দিন পর গত ১৫ আগস্ট রাজারবাগে এক অনুষ্ঠানে ইব্রাহিমের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিলেন কমিশনার শহীদুল হক। পরে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, ইব্রাহিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলটি ব্যবহূত হলেও তাঁর বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ নেই। কমিশনারের এ বক্তব্য নিয়ে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইব্রাহিমের স্বজনেরা। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।