সাংসদ নুরুন্নবীকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ
আওয়ামী যুবলীগের ৫৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতা ইব্রাহিম হত্যার ঘটনায় বিচার-কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুরুন্নবী চৌধুরীর করা আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আজ সকালে নুরুন্নবী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। তাঁর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।সরকারপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।১৩ আগস্ট রাতে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতরে তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িচালক কামাল শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে নিহত ইব্রাহিমের স্ত্রী রীনার দাবি, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ ১৮ আগস্ট বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন।