সাংসদ নুরুন্নবীর অস্ত্রের লাইসেন্স বাতিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর অস্ত্রের লাইসেন্স বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার কোনো সিদ্ধান্ত হয়নি।জানতে চাইলে ডিবির উপকমিশনার মাহাবুবর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার কারণে সাংসদের অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য প্রতিবেদন পাঠানো হচ্ছে। এ ছাড়া অস্ত্র আইনে তিনি কোনো অপরাধ করেছেন কি না, করলে সেটা কোন ধারায়, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে উপকমিশনার জানান।অবশ্য এর আগে গত রোববার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, সাংসদ নুরুন্নবী চৌধুরী অস্ত্র আইনে অপরাধী। কারণ অস্ত্র আইনে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই। নুরুন্নবীর অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে।এদিকে ইব্রাহিম হত্যা মামলার তদন্তে প্রশাসনকে সহায়তা না করার জন্য তাঁর দুই ভাইকে নানা প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলাম। তিনি গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ইব্রাহিমের এক ভাইকে ইতালি পাঠানো এবং আরেক ভাইকে ব্যবসায় প্রতিষ্ঠিত করে দেওয়া হবে বলে সাংসদ নুরুন্নবী চৌধুরীর পক্ষ থেকে প্রলোভন দেওয়া হচ্ছে।গত ১৩ আগস্ট আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে দলীয় কর্মী ইব্রাহিম নিহত হন। এরপর ইব্রাহিমের লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে সটকে পড়েন সাংসদ নুরুন্নবী ও তাঁর চালকসহ অন্যরা।পরে ওই রাতেই সাংসদের গাড়িচালক কামাল হোসেন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পুলিশ ২ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে ওই অপমৃত্যুর মামলাটি শেষ হয়। একই দিন পুলিশ এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করে।অবশ্য তার আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়েরের জন্য আদালতে আবেদন করেন। ওই আবেদনের ব্যাপারে আদালত এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।