সাংসদ নুরুন্নবীর ঘনিষ্ঠ মাজহারুল গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় ভোলা-৩ আসনের সরকার-দলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ মাজহারুল ইসলাম ওরফে মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।ইব্রাহিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার খন্দকার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা মাজহারুল যুবলীগের কর্মী ও সাংসদ নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ। তিনি সাংসদের নির্বাচনী এলাকার বাসিন্দা। ইব্রাহিম হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আছে—এ সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্ত কর্মকর্তা জানান, মাজহারুলকে গতকাল আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সিআইডি তদন্ত শুরুর পর মাজহারুলকেই প্রথম গ্রেপ্তার করা হলো। সিআইডির সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মাজহারুল জানান, ঘটনার দিন বিকেলে তিনি ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে সংসদ ভবন এলাকায় সাংসদ নুরুন্নবীর কাছে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে গুলির শব্দ পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে সাংসদের গাড়িচালক কামাল হোসেন তাঁকে জানান, ইব্রাহিম সাংসদের গাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। পরে সাংসদের কথামতো কয়েকজন লোক ইব্রাহিমকে ধরাধরি করে তাঁর আনা মাইক্রোবাসটিতে তোলেন। এর আগে সাংসদের গাড়িচালক কামাল আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাংসদের গাড়ি থেকে ইব্রাহিমকে মাজহারুলের ভাড়া করা মাইক্রোবাসে তোলার সময় তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে ওই মাইক্রোবাসে তুলে হাসপাতালে নেওয়া হয়।সিআইডি সূত্র আরও জানায়, মাজহারুল জিজ্ঞাসাবাদে জানান, সাংসদের কথামতো সোহেল নামের একজনকে নিয়ে তিনি ইব্রাহিমকে প্রথমে পুরান ঢাকার সুমনা ক্লিনিকে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা করতে অস্বীকৃতি জানালে ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে তিনি মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান। এর আগে এ মামলার তদন্তের দায়িত্বে থাকা মহানগর গোয়েন্দা পুলিশ মাজহারুলকে জিজ্ঞাসাবাদ করেনি।সিআইডির কর্মকর্তারা জানান, ওই মাইক্রোবাসের চালক নিজামউদ্দিনকে বৃহস্পতিবার সকাল থেকে সিআইডি দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, এ মামলার তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়। ইব্রাহিম ১৩ আগস্ট নুরুন্নবী চৌধুরীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হন। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক কামাল ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করলেও ১৭ আগস্ট মামলার তদন্ত কার্যক্রম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে যায়। গোয়েন্দা পুলিশ তদন্তে নিশ্চিত হয়, ইব্রাহিম খুন হয়েছেন এবং ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা করেন। ৩০ আগস্ট কামাল ও সাংসদের ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। এরপর একই থানায় এ ব্যাপারে হত্যা মামলা করা হয়।এ হত্যার ঘটনায় গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। আদালত এ মামলার ব্যাপারে এখনো নির্দেশনা দেননি।