সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এর আগে রোববার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী অপরাধী। কারণ তাঁর লাইসেন্স করা অস্ত্রটি গাড়িতে অন্যের কাছে রেখে গেছেন।প্রতিমন্ত্রীর এ মন্তব্য কীভাবে দেখছেন —এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘আমি এ বক্তব্য শুনিইনি। এ সম্বন্ধে কিছু বলতে পারব না।’ তিনি বলেন, একজন ব্যক্তি তাঁর অস্ত্রটি তাঁর আবাসস্থলে রাখতে পারেন। সাংসদ নুরুন্নবী পুলিশকে জানিয়েছেন, তাঁর বাড়ি, সংসদ ভবনের কার্যালয়, গাড়ি— এগুলোকে তিনি আবাসস্থল হিসেবে ব্যবহার করেন। সেই হিসেবে গাড়িটি তাঁর আবাসস্থল।প্রসঙ্গত, সরকারদলীয় সাংসদ নুরুন্নবীর গাড়িতে তাঁর পিস্তলের গুলিতে গত ১৩ আগস্ট নিহত হয়েছেন আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম।বহুল আলোচিত এ খুনের ঘটনায় সাংসদ নুরুন্নবীকে কেন এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, সাংসদের সঙ্গে তদন্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। এখন তদন্ত চলছে। প্রয়োজনে তাঁকে ডাকা হবে।ইব্রাহিম হত্যা মামলার তদন্ত শত ভাগ নিরপেক্ষ হচ্ছে দাবি করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘আসলে এখানে আস্থাহীনতা রয়েছে। পুলিশের ওপর আপনাদের আস্থা নেই। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি, যত বড় ক্ষমতাশালীই হোক না কেন যেই খুনি তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের ওপর আস্থা রাখতে হবে।’ইব্রাহিমের হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর একটি আদালতে করা নালিশি মামলা, বাদী হলেন নিহত ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ। মামলাটির ব্যাপারে এখনো আদালত কোনো আদেশ দেননি। ঘটনার রাতে তড়িগড়ি করে প্রথম মামলাটি করেছেন সাংসদ নুরুন্নবীর গাড়িচালক কামাল হোসেন। সেটি অপমৃত্যু মামলা হিসেবে নেওয়া হয়। পরে ২ সেপ্টেম্বর পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে অপমৃত্যু মামলাটি শেষ হয়ে যায়। ওই দিন পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। কিন্তু তাতে আসামি অজ্ঞাতনামা বলে উল্লেখ করা হয়।ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনা সাংসদের: আমাদের ভোলা প্রতিনিধি জানান, গতকাল লালমোহন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে নিহত ইব্রাহিমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন সাংসদ নুরুন্নবী চৌধুরী।প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও আনন্দপূর্ণ ঈদ করতে পারছি না। আজ আমি দুঃখ নিয়ে আপনাদের মাঝে এসেছি। ইব্রাহিমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা ইব্রাহিমের পরিবারের জন্য দোয়া করবেন।’সাংসদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে ইব্রাহিমের পরিবারসহ গোটা জাতি বুঝবে আমি ইব্রাহিম হত্যার সঙ্গে জড়িত নই। কিন্তু একটি মহল মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চাইছে। তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না।’ইফতার অনুষ্ঠানে নিহত ইব্রাহিমের ছোট ভাই মামুন বলেন, ‘আমার ভাইয়ের হত্যার সঙ্গে নুরুন্নবী চৌধুরী শাওন জড়িত নয়। একটি মহল তাকে ষড়যন্ত্রে ফেলতে অপচেষ্টা চালাচ্ছে।’এদিকে ইব্রাহিম হত্যার বিচার চেয়ে পুরো ভোলা জেলায় পোস্টারে ছেয়ে গেছে।