সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কবীর সুমন
সংগীতশিল্পী কবীর সুমন তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসও ছেড়ে দিয়েছেন। গতকাল সোমবার রাতে কবীর সুমন এসএমএস করে তাঁর এই ইস্তফার কথা জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংসদের তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তবে কী কারণে দল ছেড়েছেন, সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি এসএমএসে।এর পরই গভীর রাতে কবীর সুমন সাংবাদিকদের জানান, ‘এখন আমার ভালো লাগছে। আমি মুক্ত। তৃণমূল পরিকল্পনা করে আমাকে অপমান করেছে। অনেক কিছু মেনে নিচ্ছিলাম। ২০১১ সাল পর্যন্ত অনেকেই আমাকে অপেক্ষা করতে বলেছেন, কিন্তু পারলাম না। গত রোববার সোনাপুরেও তৃণমূল কর্মীরা আমাকে অপমান করেছে। এখন আমি মুক্ত। লালগড় জিন্দাবাদ। ছত্রধর জিন্দাবাদ। এখন আমি অনেক ভালো থাকব। পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা প্রয়াত লাল মোহন টুডুকে নিয়ে গান লিখেছি। এখন সেই গান রেওয়াজ করব। শরীরের দিকে নজর দেব। শরীরটা আমার খুব ভালো নেই। আমি লোকসভার স্পিকার ও মমতার কাছে আমার ইস্তফাপত্র মঙ্গলবারেই পাঠিয়ে দেব।’ তৃণমূলের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কবীর সুমন। নির্বাচনের পর কবীর সুমন এলাকার উন্নয়নের জন্য কাজেও নেমে পড়েন। কিন্তু সংঘাত বাধে দলীয় নেতাদের সঙ্গে। ফলে গত ১৫ নভেম্বর কলকাতা প্রেসক্লাবে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি বিদ্রোহ ঘোষণা করে বসেন দল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এতে ক্ষেপে যান দলীয় নেতারা। সেই সঙ্গে দলনেত্রী মমতাও।এ ঘটনার জেরে সর্বশেষ যে পরিণতি নেমে এসেছে কবীর সুমনের ভাগ্যে, তা হলো তিনি তখন থেকেই দলের মধ্যে ব্রাত্য হয়ে পড়েন। অনেকটাই একঘরে হয়ে পড়েন। এবারের বইমেলায় কথিত ‘মাওবাদী নেতা’ ছত্রধর মাহাতোর পক্ষে গানের একটি সিডি বের করে দলের বিরাগভাজন হয়েছেন তিনি। সুমন পক্ষে থাকলেও তৃণমূল কিন্তু অবস্থান নিয়েছে ছত্রধরদের বিরুদ্ধে। এর পরই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সুমনের সঙ্গে যেন কেউ যোগাযোগ না রাখেন।