সাংসদ-পুলিশের ধস্তাধস্তি, ৮৫ জনকে আটকের দাবি বিএনপির
হরতাল কর্মসূচি পালনকালে আজ রোববার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ এলাকায় বিএনপির সাংসদদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্তির প্রতিবাদে বিএনপি সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে। এদিকে হরতাল চলাকালে বিএনপির ৮৫ জন কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংসদ এলাকা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে বিএনপির সাংসদেরা জাতীয় সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তাঁরা হরতালের সমর্থনে নানা স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের নেতা-মন্ত্রীদের নাম করে নানা ধরনের ব্যঙ্গাত্মক গান গাইতে থাকেন। মিছিলটি সংসদ ভবনের টানেলের পূর্ব দিক থেকে পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এরপর তাঁরা সংসদের ভেতর বিভিন্ন এলাকায় মিছিল করতে থাকেন। পুলিশের তেজগাঁও অঞ্চলের ডিসি ইনাম উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিস্থিত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছি। নয়াপল্টন: সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ দলের দুই কর্মীকে আটক করে। এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি মিছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। হরতালের প্রথম প্রহর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রেখেছে পুলিশ। ভোর পাঁচটার দিক থেকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশ এলাকায় অবস্থান নেয়। ফলে কোনো ধরনের মিছিল বা পিকেটিং করতে পারেননি দলীয় নেতা-কর্মীরা। মির্জা ফখরুল দাবি করেন, হরতাল চলাকালে আজ বেলা একটা পর্যন্ত ৮৫ জন এবং গতকাল শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।মহাখালী: সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় তিতুমীর কলেজের ছাত্রদল শাখা একটি মিছিল বের করে। তারা রাস্তায় চলাচলকারী বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙার উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকেও লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা-শেরপুর ও ঢাকা-নালিতাবাড়ীগামী কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা যায়। বিএনপির ডাকা এই হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস।