সাংসদ ফরিদ গাজী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাংসদ (হবিগঞ্জ-১) দেওয়ান ফরিদ গাজী (৮৫) আর নেই। গতকাল শুক্রবার ভোর পাঁচটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদ গাজী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিডনি ডায়ালাইসিসের জন্য ১৫ অক্টোবর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রয়াত সাংসদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা।আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, আজ শনিবার সকাল নয়টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সকাল সাড়ে নয়টায় চতুর্থ জানাজা এবং উপজেলা সদরের নবীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে সিলেটে। আসরের নামাজের পর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকার কবরস্থানে দাফন করা হবে।জীবনবৃত্তান্ত: দেওয়ান ফরিদ গাজীর জন্ম ১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে। তিনি সিলেট রসময় স্কুল থেকে ম্যাট্রিক ও মদনমোহন কলেজ থেকে স্নাতক পাস করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১৯৭০ সালে সিলেট সদর আসন থেকে জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। পরে ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে তিনি সিলেট সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। সে সময় তিনি আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে হবিগঞ্জ-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। সবশেষে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।মুক্তিযুদ্ধে অবদান: মহান মুক্তিযুদ্ধে ফরিদ গাজী উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের (৪ ও ৫ নম্বর সেক্টর) বেসামরিক উপদেষ্টা ও প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ সিলেট ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলেন এবং ১৭ ডিসেম্বর সিলেটে ওই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেন।শোক: ফরিদ গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, তিনি সমাজে সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্বাধীনতা আন্দোলন ও দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার ক্ষেত্রে তাঁর অবদানের কথা দেশবাসী স্মরণ করবে। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন ত্যাগী রাজনীতিবিদকে হারাল।এ ছাড়া ফরিদ গাজীর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেইন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমুখ শোক প্রকাশ করেন।