সাংসদ ফারুককে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গতকাল রোববার আদালতে মামলা হয়েছে। লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান বাদী হয়ে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন।মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ ও মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার বিপ্লব সরকারের নামোল্লেখসহ পুলিশের অজ্ঞাতনামা আরও ৩০ সদস্যকে আসামি করা হয়েছে।মহানগর হাকিম এম এ কে আজাদ ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ডিএমপি কমিশনারকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। আগামী ১০ আগস্ট এ বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।আরজিতে বাদী উল্লেখ করেন, সাংসদ ফারুককে মারধরের অভিযোগে বিএনপি থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। এ কারণে তিনি আদালতে নালিশি মামলা করে ন্যায়বিচার চেয়েছেন।আরজিতে বলা হয়, ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন ৬ জুলাই মানিক মিয়া এভিনিউয়ে বিরোধীদলীয় ২২ জন সাংসদ পদযাত্রা করেন। পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নেতৃত্বে পুলিশ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ঘিরে রাখে। উপস্থিত সাংসদেরা এর প্রতিবাদ করলে আসামিরা সাংসদ ফারুকের হাতের এলবো ব্যাগ (গলায় ঝুলানো ছিল) টেনে খুলে ফেলে এবং অনবরত কিল-ঘুষি মারে। তিনি রাস্তায় পড়ে গেলে বেধড়ক লাঠিপেটা করে আসামিরা।আরজিতে আরও বলা হয়, হারুন অর রশীদ লাঠি দিয়ে জয়নুল আবদিনকে হত্যার উদ্দেশ্যে মাথার বাঁ পাশে গুরুতর আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান। পরে পুলিশ সদস্যরা তাঁকে বুট দিয়ে লাথি মারে। একপর্যায়ে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে সংসদ ভবনের উল্টো পাশে সংসদ সদস্যদের বাসভবন ‘ন্যাম ভবনে’ আশ্রয় নেন। সেখান থেকে তাঁকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে আসে এবং বন্দুক ধরে গুলি করার হুমকি দেয়। চ্যাং দোলা করে তাঁকে পুলিশের গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়। সরকারের পূর্বপরিকল্পনা অনুসারে তারা বিনা উসকানিতে ফারুককে মারধর করে হত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎ সাধীন।মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।বাদীপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন প্রমুখ।৬ জুলাইয়ের ওই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম বাদী হয়ে ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের সূত্র জানায়, এ মামলা তদন্তের জন্য গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।পুলিশের বক্তব্য: আদালতে মামলা হওয়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। ঘটনার দিন পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। কাউকে মারধর বা হত্যার চেষ্টা করা হয়নি। এ ধরনের অভিযোগ করে পুলিশ বাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। ওই সময় দায়িত্ব পালনকালে আমাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।’ফারুককে দেখতে গেলেন বিদেশি কূটনীতিকেরা: ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার স্টিফেন ইভান্স ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান জন ডানলিভেজি গতকাল ইউনাইটেড হাসপাতালে চিকিৎ সাধীন বিএনপির সাংসদ ফারুককে দেখতে যান। তাঁরা ফারুকের চিকিৎ সার খোঁজখবর নেন। ফারুকের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।