সাংসদ বদি দুর্ব্যবহার করেন, অভিযোগ তৃণমূল নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় আওয়ামী লীগের একমাত্র সাংসদ আবদুর রহমান বদি। কিন্তু তিনি কোনো সভা, সেমিনার বা অনুষ্ঠান করলে জেলা নেতাদের ডাকেন না। আবার সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে আসনটি হাতছাড়া হয়ে যাবে। জেলার নেতারা বদির উপস্থিতিতেই দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অভিযোগ করেন।আজ শুক্রবার গণভবনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। তিনি নেতাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। দলীয় সভানেত্রী বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। তাই তাঁদের সঙ্গে সমন্বয় করেই সাংসদদের কাজ করতে হবে। তিনি কোন্দল-দলাদলি না করে আগামী নির্বাচনে কক্সবাজারের চারটি আসনেই দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে বলেন।বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কক্সবাজারের আর্থসামাজিক নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সূত্র জানায়, বিগত নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সারওয়ার ও তাঁর ভাই রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সারওয়ারের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অভিযোগ রয়েছে, দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণেই এ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হন।আজকের এ বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের তৃণমূলের নেতাদের মতবিনিময়ের সূচনা হলো। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পর্যায়ের কমিটির নেতাদের সঙ্গে এভাবে মতবিনিময় করবেন শেখ হাসিনা। তারিখ ঠিক না হলেও পরবর্তী মতবিনিময় সভা পার্বত্য চট্টগ্রামের নেতাদের সঙ্গে হবে বলে জানা গেছে। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।বৈঠক সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকার যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে জেলার মানুষ খুশি। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর, কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়ন, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এশিয়ান হাইওয়ে নির্মাণসহ নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে। তখন কক্সবাজারের চারটি আসনে দলের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী সাংসদ বদির বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সাংসদের কারণে উখিয়া আওয়ামী লীগও এখন দ্বিধাবিভক্ত। কোন্দল নিরসন না হলে আগামী নির্বাচনে এ আসনটিতেও আওয়ামী লীগ জিততে পারবে না।বৈঠক শেষে রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে সাংসদ বদি প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষে সবার মন রক্ষা করা সম্ভব না। যাঁদের মন রক্ষা করতে পেরেছি, তাঁরা আমার পক্ষে বলেছেন। আর যাঁদের মন রক্ষা করতে পারিনি, তাঁরা বিপক্ষে বলেছেন।’মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সিরাজুল হক সিকদার, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ কুতুবী চাষিদের লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, ভারত থেকে লবণ আমদানি বন্ধ, পানচাষিদের সহজ শর্তে ব্যাংকঋণ দেওয়ার দাবি জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘দলে কোন্দল, হানাহানি, বিভেদ সৃষ্টি করে কোনো লাভ হবে না। গত নির্বাচনে গণজোয়ারের মধ্যেও কক্সবাজারের চারটি আসনে আমরা মাত্র একটি (কক্সবাজার-৪) জিততে পেরেছি। বাকি তিনটি আসন বিএনপি-জামায়াত ছিনিয়ে নেয়। কেন এই পরাজয়? কক্সবাজারের ২৩ লাখ মানুষের সবাই কি জামায়াত-বিএনপি করে? আপনারা চিন্তা করে দেখুন। আপনারা কক্সবাজার থেকে আসন দিতে না পারলেও সরকার কক্সবাজারের জনগণের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের বিমাতাসুলভ আচরণ করেনি। করবেও না। আমরা আগ্রাধিকারের ভিত্তিতে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ তৃণমূলের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দলকেও ডিজিটাল করা হবে। প্রতিটি উপজেলা সদরে দলের কার্যালয় থাকবে। নিজেরা না পারলে কেন্দ্র থেকে কার্যালয় তৈরি করে দেওয়া হবে। তার আগে নেতাদের মনমানসিকতাও আধুনিক করতে হবে।মঞ্চে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্যাহ, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, মাহবুবউল আলম হানিফ, দীপু মনিসহ দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন।