সাংসদ বদির বিরুদ্ধে মামলা করার নির্দেশ নির্বাচন কমিশনের
কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।পৌর নির্বাচনের সময় টেকনাফে ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা, লাঞ্ছিত ও মারধর করার অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে এই নির্দেশ দেওয়া হয়।গতকাল বুধবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভায় প্রাক-নির্বাচনে দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানকে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করেন স্থানীয় সাংসদ (উখিয়া-টেকনাফ) আবদুর রহমান বদি। নির্বাচন কমিশন বিষয়টি স্পিকারকে জানানোরও সিদ্ধান্ত নিয়েছে।প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি জানান, পৌরসভা নির্বাচনে টেকনাফে মহাজোটের প্রার্থী ছিলেন সাংসদ বদির চাচা মোহাম্মদ ইসলাম। ১৫ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের মাঠে মোহাম্মদ ইসলামের জনসভার ভিডিওচিত্র ধারণ করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের এক কর্মকর্তাও ছিলেন। এ সময় সাংসদের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। পরে আহত ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, তাঁকে সাংসদ নিজে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন।