সাংসদ ম খা আলমগীরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের রায়ের পর কোন ক্ষমতাবলে চাঁদপুর-১ আসনের সাংসদ হিসেবে মহীউদ্দীন খান আলমগীর দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে কেন নির্বাচিত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে চাঁদপুর আসন থেকে মহীউদ্দীন খান আলমগীর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী এহছানুল হক মিলন পান ৮০ হাজার ৮৭২ ভোট। গত বছরের ১৫ জুলাই আপিল বিভাগে মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ওই রায়ের আলোকে ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীর হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষাপটে একই বছরের ২৬ সেপ্টেম্বর ওই গেজেটের কার্যকারিতা স্থগিত হয়। মহীউদ্দীন খান আলমগীর এরপর থেকে সাংসদ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার প্রেক্ষাপটে এহছানুল হক মিলন ও ভোটার বেলাল হোসেনসহ পাঁচজন ভোটার পৃথক দুটি রিট করেন। এরপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।