গত ৩১ জুলাই ‘মোড়লবাড়ির নিয়ন্ত্রণে ময়মনসিংহ’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমান।প্রতিবেদনকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে প্রতিবাদপত্রে সাংসদ বলেন, নবনির্মিত কলেজ (সাংসদের নামে করা) সংশ্লিষ্ট এলাকাবাসীর চাহিদা মোতাবেক এবং সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। জলাশয় ভরাট করে কলেজ করার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।মিন্টু কলেজের বাড়ির প্রসঙ্গে প্রতিবাদপত্রে সাংসদ বলেন, ‘প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে আমি ১৯৬৯ সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। ৪২ বছর একটানা অবস্থানের মধ্য দিয়ে সুষ্ঠু আবেগ ও ভালোবাসার অপার আকর্ষণে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমি অবশ্যই বিধি মোতাবেক সংশোধন করে নেব।’ছেলে ও আত্মীয়স্বজনকে বিভিন্ন প্রতিষ্ঠান ও দলীয় পদে বসানোর অভিযোগ সত্য নয় দাবি করে সাংসদ বলেন, কেউ নিজ যোগ্যতায়, যথাযথ নিয়মে ও গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পায় কিংবা দলীয় পদে অধিষ্ঠিত হয়। আত্মীয়তা কারণে বা মোড়লবাড়ির বাসিন্দার কারণে তাঁকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা অন্যায় ও অগণতান্ত্রিক।’প্রতিবাদপত্রে সাংসদ তাঁর ছেলের টেন্ডারবাজি ও ভাইয়ের বালুমহাল নিয়ন্ত্রণের বিষয়টি সত্য নয় দাবি করে বলেন, যারা এই বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশে প্রথম আলোকে উৎসাহ জুুগিয়েছে, তারা অন্যায় করেছে।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদপত্রে সাংসদ কোথাও উল্লেখ করেননি যে সরকারি জায়গায় কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। তা ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কলেজ করা হয়েছে, সাংসদের এ দাবিও ঠিক নয়। অনুমোদন পাওয়ার আগেই সরকারি জলাশয়টি মাটি ভরাট ও ভবন তৈরি করেছেন তিনি। বাকি অংশ এখনো জলাশয় হিসেবে আছে।সাংসদ যে নিজের নামের কলেজের অনুকূলে জেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৪০ লাখ ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচির ৩০ লাখ টাকা এবং ২৫ মেট্রিক টন টেস্ট রিলিফ (টিআর) বরাদ্দ করিয়েছেন, প্রথম আলোর কাছে এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ রয়েছে।মিন্টু কলেজের অধ্যক্ষের বাড়িতে অবৈধভাবে থাকার বিষয়টি সাংসদ তাঁর প্রতিবাদপত্রেই স্বীকার করেছেন।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, পরিবহন কমিটি, দলীয় কমিটিসহ নানা পদে সাংসদের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন থাকার বিষয়টিও সাংসদ প্রকারন্তরে স্বীকার করেছেন। কিন্তু মতিউর রহমান সাংসদ হওয়ার পর তাঁর পরিবারের লোকজন হঠাৎ কীভাবে এসব পদের জন্য ‘যোগ্য’ হয়ে উঠেছেন, সেটা প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়নি।