সাংসদ মহীউদ্দীন আলমগীরের বিষয়ে সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, চাঁদপুর-১ আসনে সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপি নির্বাচন কমিশন (ইসি) পেয়েছেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে কাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ শূন্য ঘোষণা করতে হবে বলে তিনি জানান।আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ছহুল হোসাইন এ কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীরের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘সদস্যপদ শূন্য ঘোষণা করতে হবে। এর পর ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সদস্য পদটি শূন্য ঘোষণা করে স্পিকার আবদুল হামিদকে জানানো হবে।’ এদিকে আজ আওয়ামী লীগ দলের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে। দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ইসির যুগ্ম সচিব নুরুল ইসলাম খানের কাছে হিসাব দাখিল করেন। মৃণাল কান্তি দাস বলেন, ‘সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) শর্ত অনুযায়ী আমরা আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছি।’ তবে তিনি টাকার পরিমাণ জানাতে চাননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘ইসির পরীক্ষা-নিরীক্ষার পর চাইলে দলের সাধারণ সম্পাদক বিষয়টি জানাতে পারেন।’আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া প্রসঙ্গে ছহুল হোসাইন বলেন, ‘এটি ভালো চর্চা। এর মাধ্যমে ভবিষ্যতে দলগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।’ প্রসঙ্গত, ২০০৮ সালে মহীউদ্দীন খানের মনোনয়নপত্র অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, গত ১৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সে রায় বহাল রেখেছেন। এর আগে ২০০৭ সালের ২৬ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত জরুরি বিধিমালার আওতায় মহীউদ্দীন খানকে ১৩ বছরের কারাদণ্ড দেন। কিন্তু গত ৪ জুলাই উচ্চ আদালত তাঁকে ওই দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেন।